গফরগাঁওয়ে পরীক্ষার অতিরিক্ত ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

গফরগাঁও সরকারি কলেজের শিক্ষার্থীরা রবিবার সকালে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার অতিরিক্ত ফি কমানোর দাবিতে বিক্ষোভ শেষে মানববন্ধন করে। কলেজের সামনের খান বাহাদুর ইসমাইল সড়কে সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী মানববন্ধনে প্রায় চার শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। এ সময় তারা অতিরিক্ত ফি কমানোসহ অধ্যক্ষের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেয় ও ফেস্টুন বহন করে। ক্যাম্পাসে পুলিশ মোতায়েন রয়েছে।

জানা যায়, গত ১৭ অক্টোবর থেকে ২০১৬ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণ শুরু হয়। এতে জাতীয় বিশ্ববিদ্যালয় ফি ১৮৫০ টাকা, কেন্দ্র ফি ৪৫০ টাকা এবং কলেজের অভ্যন্তরীণ ২৪টি খাতের আরো ২২৭৫ টাকাসহ প্রায় সাড়ে চার হাজার টাকা ফি ধরা হয়। ফরম পূরণের ফি কমানোর দাবিতে গত এক সপ্তাহ যাবত্ ছাত্রলীগ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। এর জের ধরে গত বুধবার সকালে অফিস কক্ষে তালা ঝুলিয়ে দিয়ে ফরম পূরণের কার্যক্রম বন্ধ করে দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে গফরগাঁও থানা পুলিশ এসে অফিস কক্ষ খুলে দেয়।

ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষার্থী তানিম জানান, ফরম পূরণ বাবদ আমাদের কাছ থেকে সাড়ে চার-পাঁচ হাজার টাকা নিলেও কলেজ কর্তৃপক্ষ শুধু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৮৫০ টাকা ও কেন্দ্র ফি’র ৪৫০ টাকার রশিদ দেন। বাকি টাকার কোনো রশিদ দেওয়া হয় না।

গফরগাঁও সরকারি কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক সাদ্দাম হোসেন টুটুল বলেন, ছাত্রলীগ কোনো শিক্ষার্থীকে চাপ প্রয়োগ করেনি। সাধারণ ছাত্র-ছাত্রী স্বতঃস্ফূর্তভাবে পরীক্ষার ফি কমানোসহ অধ্যক্ষের বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন করেছে। গফরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ আমির হোসেন বলেন, সরকারি পরিপত্র ও কলেজের নিয়ম-রীতি অনুযায়ী ফরম পূরণ চলছে। সাধারণ শিক্ষার্থীরা ছাত্রলীগের চাপে পড়ে না বুঝে মানববন্ধন করেছে।

ইত্তেফাক/নূহু