মাঠে ফিরতে উন্মুখ মোসাদ্দেক

জাতীয় দলে স্থানটা পাকাই ছিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতির সময় দুর্ভাগ্যের কোপানলে পড়েন মোসাদ্দেক হোসেন সৈকত। বাঁ চোখের কর্ণিয়ায় ভাইরাল ইনফেকশনে জাতীয় দল থেকে ছিটকে পড়েন এ তরুণ ক্রিকেটার। পরে অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজ, দক্ষিণ আফ্রিকা সফরও মিস করেন তিনি চোখের ব্যথার কারণে।
 
প্রায় আড়াই মাস ভোগার পর এখন সুস্থ মোসাদ্দেক। রবিবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরের জন্য ঢাকা ডায়নামাইটসের অনুশীলনে যোগ দিয়েছেন এ অলরাউন্ডার। নিজেই জানালেন, ভাই এখন ভালো আছি। কোনো সমস্যা নেই।
 
বিসিবি একাডেমি মাঠে অনুশীলনের পর মাঠের বাইরে থাকা কষ্টের সময়টার বর্ণনা দিয়েছেন মোসাদ্দেক। বিপিএল দিয়ে মাঠে ফিরতে মুখিয়ে তিনি।
 
চ্যাম্পিয়ন্স ট্রফির পর কোনো ম্যাচ খেলতে পারেননি মোসাদ্দেক। কষ্টের সেই সময় সম্পর্কে বলতে গিয়ে গতকাল তিনি বলেছেন, ‘এটা প্রতিটি খেলোয়াড়ের জন্য কষ্টের একটা সময় যায়। টিভিতে বসে খেলা দেখছি আমার কাছে অনেক কষ্টের ছিল। কত তাড়াতাড়ি ফিরব, কবে দলে যোগ দেব, কোনো একটা টুর্নামেন্ট দিয়ে ফিরব এই তাড়াটা খুব অনুভব করেছি। এটা আমার একটা বড় সুযোগ খুব দ্রুত ফেরার সুযোগ পেয়েছি। সামনে আবার জাতীয় দলের হোম সিরিজও আছে। বিপিএলটা যদি ভালো যায় আবার জাতীয় দলে ফিরব ইনশাআল্লাহ।’
 
পূর্ণ সুস্থ হয়েই মাঠে নামতে চেয়েছিলেন মোসাদ্দেক। তাই অপেক্ষা করেছেন চিকিত্সকের ছাড়পত্রের জন্য। তিনি বলেন, ‘নিজেই চাচ্ছিলাম না চিকিত্সকের ছাড়পত্র ছাড়া মাঠে নামতে। তারা যখন বলেছেন আমি খেলতে পারব তার পর থেকেই মাঠে নেমেছি। তার আগে নামিনি।’
 
গত বিপিএলেও চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলেছেন মোসাদ্দেক। ১৪ ম্যাচে ৩০৪ রান করেছিলেন। আগের বছরের ছন্দ ধরে রেখেই এবার বিপিএল শুরু আশা করছেন এ তরুণ ক্রিকেটার। তিনি বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকেই মাঠের বাইরে। আমার মূল চ্যালেঞ্জ ছন্দ ফিরে পাওয়া। যে ফর্মে থেকে শেষ করেছিলাম সেখান থেকেই শুরু করতে চাই। গত বিপিএলে যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই শুরু করতে চাই।’
 
পঞ্চম আসরের জন্যও শক্তিশালী দল গড়েছে ঢাকা ডায়নামাইটস। মোসাদ্দেক বলেন, ‘আমাদের লক্ষ্য থাকবে দল হিসেবে খেলা। কাগজে-কলমে আমরা ভারসাম্যপূর্ণ দল। আগে দলের পারফরম্যান্স, তারপর ব্যক্তিগত পারফরম্যান্স। চ্যাম্পিয়ন হওয়ার মতোই দল হয়েছে। মুখ দিয়ে বললেই চ্যাম্পিয়ন হওয়া যাবে না। মাঠে সেটা প্রমাণ করতে হবে। খেলা শুরু হোক। দল এক সঙ্গে হলে বুঝতে পারব কতটা ভারসাম্যপূর্ণ। টুর্নামেন্ট শুরু হোক, এক-দুই ম্যাচ গেলে বুঝতে পারব আমরা কী অবস্থায় আছি।’
 
ঢাকা ডায়নামাইটস আবারো শিরোপা ধরে রাখবে বলে আশাবাদী মোসাদ্দেক। ২১ বছর বয়সী এ মিডল অর্ডার ব্যাটসম্যান বলেন, ‘গতবারও জানতাম আমরা ভালো দল। আমাদের ওপর কোনো চাপ ছিল না। বরং অনুপ্রেরণা ছিল। গতবার খেলোয়াড় যারা ছিল। এবারো তারা আছে। স্থানীয় ও বিদেশি খেলোয়াড়রা যদি এক সঙ্গে সাপোর্ট দিতে পারে তবে এবারো আমরা চ্যাম্পিয়ন হতে পারব ইনশাআল্লাহ।’
 
ইত্তেফাক/রেজা