প্রায় দেড় মাসের সফরে দক্ষিণ আফ্রিকায় সব ফরম্যাটেই ব্যর্থতার চূড়ান্ত স্বাক্ষর রেখেছে বাংলাদেশ। ঘরের মাটিতে বিগত কয়েক বছর ভাল খেলার পর এই সফর শেষে বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে বিরাজ করছে হতাশা। দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেললেও সফর থেকে ইতিবাচক কিছু খোঁজে বের করা কঠিন।
সেকথা স্বীকার করছেন সাকিবও। শেষ টি-টোয়েন্টিতে হারের পর তিনি সাংবাদিকদের বলেন, ‘এই জায়গায় ইতিবাচক কিছু খুঁজে বের করা একটু কঠিন। কোনো কোনো জায়গায় অনেকে ভালো করেছে। কিন্তু ধারাবাহিকতার ব্যাপারটা আমাদের কারোর মধ্যে ছিল না। আমরা সেভাবে কিছু করতেও পারিনি।’
টেস্টে মুশফিক অনেকটা ভাঙাচোরা দল নিয়ে খেললেও ওয়ানডেতে যোগ দেন সাকিব, মাশরাফি, নাসির হোসেন ও সাইফ উদ্দিন। কিন্তু কোনো কাজ হয়নি। বরঞ্চ সব ফরম্যাটেই দল হিসেবে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ। একক কারোর নেই ধারাবাহিক ভালো খেলার উদাহরণ। মুশফিকুর রহিমের একটি সেঞ্চুরি ছাড়া সেই অর্থে প্রাপ্তির খাতা শূন্য। এ বিষয়ে সাকিব বলেন, ‘মুশফিক ভাই ওয়ানডেতে ভালো ব্যাটিং করেছে। রুবেল শেষ ম্যাচ বাদ দিয়ে সব দিনই ভালো বোলিং করেছে। তবে আমরা দল হিসেবে ভালো করতে পারিনি। বিচ্ছিন্ন পারফরম্যান্সে এখানে কাজ হবে না। জিততে হলে দল হিসেবে ভালো করতে হবে। পুরো সফরেই আমরা তা করতে পারিনি।’
ইত্তেফাক/কেআই