গৌরীপুর বাজার গর্তময়

কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলাধীন গৌরীপুর বাজার অত্যন্ত ব্যবসাবহুল একটি জায়গা। অথচ পরিকল্পিত কোনো উন্নয়ন এই বাজারে হয়েছে বলে মনে হয় না। পানি নিষ্কাশনের জন্য ড্রেন আছে, তবে অপরিকল্পিতভাবে তৈরির ফলে পানি নিষ্কাশন হতে পারে না। রাস্তায় ময়লা পানি জমতে বৃষ্টির পানির প্রয়োজন হয় না। ড্রেনের পানিই যথেষ্ট। রাস্তায় সর্বদাই ড্রেনের ময়লা পানি জমে থাকে। বৃষ্টি হলে তো কথাই নেই। এই বাজারটি এতোটাই গুরুত্বপূর্ণ যে, সরকারি-বেসরকারি সকল ব্যাংকের শাখা রয়েছে এখানে। রয়েছে  গুরুত্বপূর্ণ অনেক অফিস।  একটু বৃষ্টি হলেই পুরো বাজার হাঁটুপানিতে থৈথৈ করে। তবে এখন বাজারের পাশাপাশি যোগ হয়েছে গৌরীপুর বাসস্ট্যান্ড থেকে গৌরীপুর বাজার পর্যন্ত ১ কিলোমিটার রাস্তা। সংস্কারের অভাবে রাস্তাটিতে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। শুকনো মৌসুমেই হেঁটে চলাচল করা মুশকিল। বৃষ্টি হলে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। কোমর সমান গর্তে পড়ে অসংখ্য গাড়ি নষ্ট হয়েছে। আর গাড়ি গর্তে পড়লেই যানজটের সৃষ্টি হয়। সামনে বর্ষার মৌসুমে জনগণের যাতায়াতে এই রাস্তা হবে একমাত্র বাধা। রাস্তাটি যথাশীঘ্র সম্ভব সংস্কারের উদ্যোগ নিয়ে জনগণের দুর্ভোগ ঘোচাতে ও এ অঞ্চলের অর্থনীতিকে সমৃদ্ধশালী করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

এম এ রহমান, গৌরীপুর বাজার, কুমিল্লা