ফ্রিজ থেকে মরা গরুর মাংস উদ্ধার

 
চরফ্যাশন বাজারের এক কসাইয়ের বাসার ফ্রিজ থেকে মরা গরুর মাংস উদ্ধার করেছেন পৌরসভার তিন কাউন্সিলর। মাংসের পরিমান প্রায় ২ মণ। মাংস উদ্ধার করে রবিবার সন্ধ্যার পর চরফ্যাশন বাজারে নিয়ে গেলে তা দেখতে উৎসুক জনতা ভিড় জমায়। 
 
পৌর কাউন্সিলর আকতারুল আলম সামু জানান, গোপন সংবাদে তারা জানতে পারেন পৌরসভা ৪নং ওয়ার্ডের বাসিন্দা আলমগীর গাজীর ছেলে কসাই আরিফ মরে যাওয়া একটি গরুর মাংস বিক্রির উদ্দেশ্যে তার বাসার ফ্রিজে রেখেছে।
IMG0  
রবিবার সন্ধ্যায় তিনিসহ অপর দুই কাউন্সিলর আকবর হাওলাদার ও সিরাজুল ইসলাম তার ফ্রিজ থেকে মাংস উদ্ধার করেন। যার পরিমান প্রায় দুই মণ। মাংস উদ্ধারের পর মেয়রের নির্দেশে বাজারের হালিম, চটপটির সব দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হয়েছে। জানা গেছে, অভিযুক্ত আরিফের পৌরসভা প্রদত্ত ব্যবসায়ীক লাইসেন্স বাতিল করা হবে।
 
ইত্তেফাক/আরকেজি