একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর জেলার ৫টি সংসদীয় আসনে দলীয় মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের তত্পরতা বেড়েছে। সাতটি উপজেলা নিয়ে গঠিত এখানকার ৫টি আসনে জনসংখ্যা প্রায় ২৬ লাখ। জেলার বিভিন্ন স্থানে শোভা পাচ্ছে মনোনয়ন প্রত্যাশীদের আকর্ষণীয় ডিজিটাল ব্যানার, ফেস্টুন, পোস্টার, বিলবোর্ড, প্লাকার্ড। রাস্তার দু’পাশে, ঘরের দেয়ালে, কিংবা বিদ্যুতের খুঁটিতেও শোভা পাচ্ছে হবু প্রার্থীদের শুভেচ্ছা বার্তা। এলাকায় উঠান বৈঠক, সভা সমাবেশ, প্রচার-প্রচারণা চলছে। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ অন্যান্য দল থেকে কারা প্রার্থী হচ্ছেন তা নিয়ে বিভিন্ন মহলে চলছে নানা জল্পনা-কল্পনা। পাশাপাশি প্রার্থীরা কেন্দ্রীয় নেতাদের নেকনজরে আসার এবং দলীয় মনোনয়ন পাওয়ার প্রত্যাশায় কেন্দ্রে দৌড়ঝাঁপ শুরু করেছেন। এদিকে সাধারণ ভোটাররা বসে নেই, তারাও চায়ের টেবিলে বিভিন্ন ইস্যু পর্যালোচনা করছেন।
গত সংসদ নির্বাচনে বিএনপির ২০ দলীয় জোট নির্বাচনে অংশ না নেওয়ায় জামালপুরের ৫টি আসনের মধ্যে ৪টি ছিল ক্ষমতাসীন আওয়ামী লীগের দখলে, একটি জাতীয় পার্টির (জাপা)। সে জন্য বিএনপি আসন উদ্ধারে মরিয়া হয়ে উঠেছে। জেলায় বড় দু’দলের একাধিক মনোনয়ন প্রত্যাশী। তবে বিএনপির তুলনায় আওয়ামী লীগে মনোনয়ন প্রত্যাশী দ্বিগুণ। আওয়ামী লীগ এবং বিএনপি দু’দলেই বেশ ক’টি আসনে অভ্যন্তরীণ দলীয় কোন্দল ও গ্রুপিং রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, যে দল যত দ্রুত প্রার্থী নিশ্চিত করে বিরোধ মিটাতে সক্ষম হবে, সে দলের জয়লাভের সম্ভাবনা তত বেশি।
ইত্তেফাক/নূহু