বনানীর সি ব্লকে দীর্ঘ ৫/৬ বছর ধরে অনুমোদন ছাড়াই একটি হোটেল ব্যবসা করে আসছে। আবাসিক এলাকায় অবৈধভাবে হোটেল ব্যবসা করায় বিভিন্ন ধরনের ঝুঁকিসহ এলাকাবাসী প্রতিনিয়ত গণউপদ্রবের শিকার হচ্ছেন। ঐ হোটেলে বিদ্যুত্ সংযোগ না থাকায় দিন-রাত ২৪ ঘণ্টাই নিকটবর্তী সরকারি পার্কে স্থাপিত জেনারেটরের মাধ্যমে বিদ্যুত্ নেওয়া হচ্ছে। এতে যে কোনো সময় বড় ধরনের অগ্নিকাণ্ডে জান-মালের বিপুল ক্ষতি হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। হোটেলটিতে জরুরি বহির্গমন পথ না থাকায় বসবাসরত অতিথিসহ নিকটবর্তী ভবনসমূহও উচ্চ অগ্নি ঝুঁকিতে রয়েছে। এছাড়া সরকারি পার্ক ব্যবহারকারীরাও যে কোনো সময় বিদ্যুত্স্পৃষ্ট হওয়ার ঝুঁকিতে রয়েছেন এবং জেনারেটরের উচ্চ শব্দে শিক্ষার্থীদের পড়ালেখায় ব্যঘাত ঘটছে। অধিকন্তু, হোটেলের নিজস্ব পার্কিংস্থান না থাকায় নিকটবর্তী সড়কসমূহে হোটেলের গাড়ি সর্বদা পার্কিং করে রাখায় জনসাধারণের চলাচলে ব্যাপক সমস্যা হচ্ছে। এ অবস্থায়, বিষয়টির প্রতি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং আশু প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে স্থানীয় জনগণের জান-মাল রক্ষার আকুল আবেদন জানাচ্ছি।
মোফাজ্জল হোসেন
বনানী, ঢাকা