বড় বাজেটের দল পিএসজি, পাঁচবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা ও ম্যানচেস্টার ইউনাইটেড চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বারপ্রান্তে। আজ মঙ্গলবার কিংবা আগামীকাল বুধবারের খেলাগুলোয় ১৬ দলের মধ্যে ১১টির নকআউট পর্ব নিশ্চিত হয়ে যেতে পারে। আজকের খেলাগুলোর মধ্যে সবার নজরে থাকবে নেইমারের দল পিএসজি-অ্যান্ডারলেখট, বার্সেলোনা-অলিম্পিয়াকোস ও রোমা-চেলসি মোকাবিলা।
কোচ হোসে মরিনহোর ম্যানচেস্টার ইউনাইটেড ওল্ড ট্র্যাফোর্ডে বেনফিকার বিরুদ্ধে জয় পেলে হাতে দুই খেলা রেখেই উঠে যাবে শেষ ষোলোয়। অবশ্য সে জন্য ‘এ’ গ্রুপের অপর খেলায় বাসেলকে হার এড়াতে হবে সিএসকে মস্কোর বিরুদ্ধে। পর্তুগীজ দলগুলোর বিপক্ষে নিজ মাঠে ১২ খেলায় অপরাজিত ম্যানইউ। বেনফিকার মাঠে প্রথম লেগের খেলাতেও ১-০ গোলে জিতেছিল মরিনহোর দল। অপরদিকে সুইস দল বাসেল মস্কোর ক্লাবটিকে আজ আবারো হারালে নকআউট পর্বে উঠে যাবে।
বার্সেলোনা ‘ডি’ গ্রুপে আগের তিন খেলাতেই জিতেছে। অলিম্পিয়াকোসের মাঠে জয় পেলে তাদের নকআউট পর্ব নিশ্চিত হয়ে যাবে। কাতালান ক্লাবটিকে অবশ্য খেলতে হবে জেরার্ড পিকেকে ছাড়াই। স্বাগতিকদের জন্য প্রতিযোগিতায় টিকে থাকতে হলে জিততেই হবে।
IMG0
নেইমারের দল পিএসজি সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে আছে। তাছাড়া ‘বি’ গ্রুপে আগের তিন খেলায় দলটি তিন কিংবা ততোধিক গোলের ব্যবধানে জিতেছে। এ মুহূর্তে নেইমার, কিলিয়ান এমবাপে ও এডিসন কাভানিকেই ইউরোপে সবচাইতে দুর্ধর্ষ আক্রমণভাগ বলে মনে করছেন বোদ্ধারা। সে তুলনায় প্যারিসে অতিথি অ্যান্ডারলেখট আগের তিন খেলায় বড় ব্যবধানেই হেরেছে সেলটিক, বায়ার্ন ও পিএসজির কাছে। সঙ্গত কারণেই পিএসজি নিজ মাঠে আরো একটি বড় জয় তুলে নিয়ে চলে যাবে শেষ ষোলোয়।
বায়ার্ন মিউনিখ কোচ জুপ হেইংকসের অধীনে আবারো দাপট দেখাতে শুরু করেছে। তিনি এসে পৌঁছানোর পর জার্মান চ্যাম্পিয়নরা নিজ মাঠে সেল্টিককে ৩-০ গোলে হারিয়েছিল। কাজেই আজ দলটির মাঠে খেলতে গেলেও ‘বি’ গ্রুপ থেকে নকআউট পর্বে ওঠার জন্য যা যা করা দরকার, সেটা করতে কসুর করবে না পিএসজির ঠিক পেছনে থাকা দলটি।
ইত্তেফাক/কেআই