রাজশাহীতে ডেন্টাল শিক্ষার্থীকে পিটিয়ে লুটপাট

 
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হোস্টেলে ডেন্টাল বিভাগের এক শিক্ষার্থীকে পিটিয়ে ল্যাপটপ, এটিএম কার্ড, কার্ডের গোপন নম্বর, নগদ টাকা ও মোবাইল ফোন লুট করার অভিযোগ উঠেছে অপর তিন শিক্ষার্থীর বিরুদ্ধে। গত সোমবার রাত নয়টার দিকের এ ঘটনায় আহত ডেন্টাল শিক্ষার্থী মিজানুর রহমান মিজানকে (২২) রামেক হাসপাতালের ১৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
 
আহত মিজান দাবি করেছেন, রামেকের শহীদ কাজী নূরুন্নবী হোস্টেলের ৩২৪ নম্বর কক্ষে থাকেন তিনি। ওই কক্ষে ঢুকে মেডিক্যাল শিক্ষার্থী রিফাত হোসেন রাতুল, সজিব রাশেদ ও শাহরিয়ার হোসেন শিহাব তাঁকে প্রথমে মারপিট করেন। এরপর তার নিকটে থাকা একটি ল্যাপটপ, নগদ কিছু টাকা, এটিএম কার্ডসহ গোপন নম্বর এবং একটি মোবাইল ফোনও লুট করে নিয়েছেন হামলাকারীরা।
 
মিজান আরো দাবি করেন, সোমবার রাত আটটা ৫০ মিনিটের দিকে তার কক্ষে হঠাৎ করে ঢুকে ওই তিনজন প্রথমে তার ওপর হামলা করে। এরপর তারা লুটপাট চালায়। পরে তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। তবে রামেকের অভিযুক্ত তিন শিক্ষার্থীর সঙ্গে চেষ্টা করেও যোগাযোগের করা সম্ভব হয়নি।
 
ইত্তেফাক/এএম।