চট্টগ্রামের কোকেন মামলা চলতে বাধা নেই

 
চট্টগ্রাম বন্দরের চাঞ্চল্যকর তরল কোকেন জব্দের মামলার বিচারিক কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ মঙ্গলবার স্থগিত করেছে আপিল বিভাগ। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বে চার বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ এ আদেশ দেয়।
 
আদালতে নূর মোহাম্মদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
 
আদেশের পর আইনজীবী জয়নুল আবেদীন সাংবাদিকদের বলেন, হাইকোর্টের আদেশের ওপর স্থগিতাদেশ দিয়ে ছয়মাসের মধ্যে বিচারিক আদালতে এ মামলার বিচারকাজ শেষ করতে বলেছে আপিল বিভাগ। একই সঙ্গে জামিনে থাকা নূর মোহাম্মদকে ৩ সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে। যদি ছয়মাসের মধ্যে মামলার বিচারকাজ শেষ করতে না পারেন, তাহলে নূর মোহাম্মদের জামিনের বিষয়টিও বিবেচনা করতে বিচারিক আদালতকে বলা হয়েছে।
 
এর আগে গত ৮ অক্টোবর এই মামলার কার্যক্রম স্থগিত করে আদেশ দেয় একটি হাইকোর্ট বেঞ্চ।
 
তরল কোকেন সন্দেহে গত বছরের ৬ জুন রাতে চট্টগ্রাম বন্দরে একটি কনটেইনার সিলগালা করেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। ২৭ জুন শুল্ক গোয়েন্দা অধিদপ্তর জানায়, কেমিক্যাল পরীক্ষায় একটি ড্রামে তরল কোকেনের অস্তিত্ব পাওয়া গেছে। গত বছর ২৮ জুন নগরীর বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) ওসমান গনি বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে খানজাহান আলী লিমিটেডের চেয়ারম্যান নূর মোহাম্মদ ও সোহেলকে আসামি করে মামলা করেন। র‌্যাব-৭ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গত ১৫ জানুয়ারি অভিযান চালিয়ে নূর মোহাম্মদকে গ্রেফতার করে।
 

ইত্তেফাক/এএম।