ঢাবি বাণিজ্য অনুষদের দুদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শেষ হচ্ছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের আয়োজনে ‘বিজনেস অ্যান্ড ইকোনমিকস’ শীর্ষক দুদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শেষ হচ্ছে আজ। সোমবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী ভবনে দ্বিতীয়বারের মতো এ সম্মেলন শুরু হয়। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এ সম্মেলনের উদ্বোধন করেন।
 
এবারে সম্মেলনটির প্রতিপাদ্য হচ্ছে ‘ইন্টারডিসিপ্লিনারি সল্যুশনস ফর বিজনেস চ্যালেঞ্জেস ইন এ নিউ গ্লোবাল অর্ডার।’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের কুইনিপিয়াক ইউনিভার্সিটির প্রেসিডেন্ট অধ্যাপক জন এল লোহি এবং অস্ট্রেলিয়ার সেন্ট্রাল কুইন্সল্যান্ড ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ট বাম্যান বিশেষ অতিথির বক্তব্য দেন। যুক্তরাষ্ট্রের ট্রাফ্টস ইউনিভার্সিটির অধ্যাপক পার্থ এস ঘোষ মূল প্রবন্ধ উপস্থাপন করেন। সম্মেলন আয়োজক কমিটির কো-চেয়ার অধ্যাপক এম সাদিকুল ইসলাম ধন্যবাদ জ্ঞাপন করেন।
 
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বৈশ্বিক বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য শিক্ষাবিদ, গবেষক ও পেশাজীবীদের প্রতি আহ্বান জানান। বাংলাদেশ বর্তমানে রোহিঙ্গা সংকট, সামাজিক বৈষম্য, দারিদ্র বিমোচনসহ নানা চ্যালেঞ্জ মোকাবেলা করছে উল্লেখ করে উপাচার্য বলেন, আন্তঃবিভাগীয় গবেষণার মাধ্যমে আমাদের এসব সমস্যা সমাধান করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিশ্বের বিভিন্ন খ্যাতিমান বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ শিক্ষা ও গবেষণা প্রকল্প গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। 
 
দুদিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনে মোট ১৬টি সেশনে ৮০টিরও বেশি প্রবন্ধ উপস্থাপন করা হয়েছে। সম্মেলনে বাংলাদেশ, ভারত, চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মালয়েশিয়া, জাপান, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর ও ভিয়েতনামের শিক্ষাবিদ ও গবেষকরা অংশ নেন। 
 
ইত্তেফাক/সেতু