প্রধানমন্ত্রীর বিমানে ত্রুটি: প্রকৌশল কর্মকর্তা নাজমুলের শর্তসাপেক্ষে জামিন

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানে ত্রুটির মামলার আসামি নাজমুল হককে শর্তসাপেক্ষে জামিন দিয়েছে হাইকোর্ট। শর্ত অনুযায়ী এখন বিমানের বরখাস্তকৃত এই প্রকৌশল কর্মকর্তাকে পাসপোর্ট দাখিল ও বিদেশে যেতে আদালতের অনুমতি নিতে হবে। 
 
জামিন সংক্রান্ত রুলের চূড়ান্ত শুনানি নিয়ে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার ওই আসামির জামিন মঞ্জুর করে। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং আসামি পক্ষে আইনজীবী ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী শুনানি করেন। 
 
গত ২৭ নভেম্বর হাঙ্গেরি যাওয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বোয়িং বিমানের যান্ত্রিক ত্রুটির কারণে তুর্কমেনিস্তানের আশখাবাত বিমানবন্দরে জরুরি অবতরণে বাধ্য হয়। ইঞ্জিন অয়েলের ট্যাংকের একটি ‘বি-নাট’ ঢিলে থাকায় ওই বিপত্তি ঘটে। এর পেছনে নাশকতা ছিল কি না, তা খতিয়ে দেখতে গঠন করা হয় তদন্ত কমিটি। ওই তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে বিমানের নয় কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে ২০ ডিসেম্বর তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিমান কর্তৃপক্ষ। এই মামলার অন্যতম আসামি হলেন নাজমুল হক। তিনি জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন। হাইকোর্ট জামিন প্রশ্নে রুল জারি করে। ওই রুলের চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট মঙ্গলবার তার জামিন দেয় বলে জানান আসামির আইনজীবী ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী। 
 
প্রসঙ্গত, মঙ্গলবার ঢাকার একটি আদালত এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১১ ডিসেম্বর দিন ধার্য রেখেছেন। এর আগে প্রতিবেদন দাখিলের জন্য সাতবার সময় দেয়া হয়। কিন্তু প্রতিবেদন দাখিল করা হয়নি। বর্তমানে মামলাটি তদন্ত করছেন ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের পরিদর্শক মাহবুবুল আলম।
 
ইত্তেফাক/এমআই