উদ্বোধন করলেন জেলা প্রশাসক
রামু (কক্সবাজার) সংবাদদাতা
কক্সবাজারের রামুর গর্জনিয়া ইউনিয়নের দীর্ঘমানব জিন্নাত আলীর দোকান উদ্বোধন করলেন কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন। এসময় উপস্থিত ছিলেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাং লুত্ফুর রহমান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) চাইথোয়ালা চৌধুরী। গতকাল মঙ্গলবার স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে জেলা প্রশাসনের সহযোগিতায় রামু উপজেলা প্রশাসনের উদ্যোগে মানবিক সহায়তাস্বরূপ গর্জনিয়া বাজারে উত্সবমুখর পরিবেশে দোকানটি উদ্বোধন করা হয়। জিন্নাত আলী উপজেলার গর্জনিয়া ইউনিয়নের উত্তর বড়বিল গ্রামের বাসিন্দা। তার বাবা আমির হামজা পেশায় কৃষক। দরিদ্র পরিবার হওয়ায় জিন্নাত আলীর প্রতিদিনের খাবার এবং চিকিত্সার খরচ মেটাতে হিমসিম খাচ্ছিলো পরিবারের সদস্যরা।
কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল জানান, দরিদ্র পরিবারের সন্তান জিন্নাত আলী দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছেন। তাঁর খাওয়া-দাওয়া এবং চিকিত্সা খরচ বহন করা পরিবারের পক্ষে সম্ভব হচ্ছিলো না। তাই তিনি জিন্নাত আলীকে সার্বিক সহায়তা দেয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রীর কাছে নিয়ে আসেন। প্রধানমন্ত্রী তাকে তাত্ক্ষণিক পাঁচ লাখ টাকা প্রদানের পাশাপাশি তার চিকিত্সার সকল ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন। এছাড়াও প্রধানমন্ত্রী জিন্নাত আলীর উপযোগী করে একটি বাড়ি করে দেয়ার আশ্বাস দিয়েছেন। জানা গেছে, সাংসদ সাইমুম সরওয়ার কমল ইতিপূর্বে জিন্নাত আলীকে চিকিত্সার জন্য ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করান।
উল্লেখ্য, গিনেস রেকর্ড অনুযায়ী বর্তমান বিশ্বে সবচেয়ে দীর্ঘ ব্যক্তি হলেন মিশরের সুলতান কসেন। তার উচ্চতা ৮ ফুট ৩ ইঞ্চি। আর ২২ বছর বয়সী জিন্নাত আলীর উচ্চতা ৮ ফুট ৫ ইঞ্চি। ১২ বছর বয়সের পর থেকেই অস্বাভাবিকভাবে বাড়তে থাকেন তিনি।