‘খালেদা জিয়ার রোহিঙ্গা ক্যাম্পে যাত্রা যেন আনন্দ ভ্রমণ’

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোহিঙ্গা ক্যাম্পে যাত্রা যেন আনন্দ ভ্রমণ। তার কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার পথে বিএনপির মহিলারা হলুদ শাড়ি পরে ফুলের পাপড়ি ছিটিয়ে, হাতিকে সাজিয়ে, বাদ্য যন্ত্র বাজিয়ে স্বাগত জানিয়েছে। তিনি যেন কোন বিয়ের গায়ে হলুদে গেছেন। বিদেশি নায়ক-নায়িকারা যেভাবে পণ্যের ব্র্যান্ড এম্বাসেডর হিসেবে বিজ্ঞাপণে পোজ দেয় বিএনপির নেত্রীও রোহিঙ্গা শিশুকে কোলে নিয়ে একই রকমভাবে পোজ দিয়েছেন।
 
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘রোহিঙ্গাদের সহায়তার নামে জন-দুর্ভোগ সৃষ্টিকারী খালেদা জিয়ার মিথ্যাচারের প্রতিবাদে’ মানববন্ধন ও প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
 
হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাও রোহিঙ্গা ক্যাম্পে গিয়েছিলেন। রোহিঙ্গাদের দুর্দশা দেখে তাদেরকে বুকে টেনে নিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি আবেগ-আপ্লুত হয়ে গিয়েছিলেন। রোহিঙ্গাদের দুঃখ দেখে চোখে অশ্রু এসেছিল, আশে পাশে যারা ছিলেন তাদের চোখ মুখ বিষন্নতায় ভরা ছিল। কিন্তু বিএনপি নেত্রী হাসি মুখে রোহিঙ্গা শিশুকে কোলে নিয়ে পোজ দিয়েছেন। তার পেছনে থাকা নারী নেত্রীরাও হেসেছেন। তিনিও হেসেছেন। তার (খালেদা জিয়া) মধ্যে কোন আবেগ কিংবা শোকাচ্ছন্নতা ছিল না। 
 
আয়োজক সংগঠনের সহ-সভাপতি চিত্র নায়ক ড্যানি সিডাকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সহ-সভাপতি ফয়েজ উদ্দিন ভূইয়া, চিত্র নায়িকা দিলারা ইয়াসমিনসহ প্রমুখ বক্তব্য রাখেন। 
 
ইত্তেফাক/এমআই