জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত ৩

 
গাজীপুরের বাঘের বাজার এলাকায় সোমবার গভীর রাতে জুয়ার আসরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনায় সাভারের এক ব্যবসায়ী নিহত এবং আহত হয়েছেন তিনজন। 
 
নিহতের নাম আজিজুর রহমান (৫০)। তিনি ঢাকার সাভারের উত্তর রাজাসাম এলাকার মৃত মাইন উদ্দিনের ছেলে। তিনি এলাকায় ওয়েল্ডিংয়ের ব্যবসা করতেন।
 
এলাকাবাসী জানায়, সদর উপজেলার বাঘের বাজার এলাকায় একটি প্রভাবশালী চক্র অশ্লীল নৃত্য ও  জুয়া খেলার আসর পরিচালনা করে আসছেন। টিন দিয়ে অস্থায়ীভাবে বেড়া নির্মাণ করে এবং সামিয়ানা টানিয়ে ওই আসরে একাধিক জুয়ার বোর্ড পরিচালিত হয়। জেলা প্রশাসন বিভিন্ন সময়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উচ্ছেদের পর তা আবার শুরু হয়। 
 
সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে একটি জুয়ার বোর্ডে জমা দেয়া টাকা নিয়ে জুয়াড়ি ও বোর্ড পরিচালনাকারীদের মধ্যে বাক বিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে জুয়ার সকল বোর্ডে তা ছড়িয়ে পড়ে এবং দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। 
 
বিভিন্ন এলাকা হতে আগত জুয়াড়িরা আতংকিত হয়ে ছুটোছুটি শুরু করেন। এসময় দৌঁড়ে পালানোর সময় কয়েকজন বাড়ির ময়লা পানি ও আবর্জনার গর্তে পড়ে যান। পরে স্থানীয়রা ওই গর্ত থেকে গুরুতর অবস্থায় চারজনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে প্রেরণ করে। এদের মধ্যে আজিজুর রহমানকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 
 
মঙ্গলবার ভোরে নিহতের স্বজনরা হাসপাতালে এসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন অনুমতি না নিয়েই ময়নাতদন্ত ছাড়াই হাসপাতাল থেকে গোপনে লাশ বাড়ি নিয়ে যায়। হাসপাতালের মর্গ থেকে লাশ গায়েবের খবরটি দুপুরের দিকে প্রকাশ হলে কর্তৃপক্ষের টনক নড়ে। এঘটনায় মঙ্গলবার বিকেলে হাসপাতাল কর্তৃপক্ষ জয়দেবপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছে। 
 
হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রনয় ভূষণ দাস জানান, সোমবার দিবাগত রাত ৩টা ৪০মিনিটের দিকে ওই ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে জানা যায়। 
 
এব্যাপারে জয়দেবপুর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ঘটনা শুনেছি। তবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তেমন কিছুই পায়নি।
 
ইত্তেফাক/আরকেজি