চট্টগ্রাম অফিস
নগরীর কয়েকটি পয়েন্টে পৃথক অভিযান চালিয়ে ৪ হাজার ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। গতকাল মঙ্গলবার সকালে নগরীর সিনেমা প্যালেস ও শাহ আমানত সেতু এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরসূত্র জানায়। গ্রেফতারকৃতরা হলো—ফেনী জেলার রাণীরহাট মালিপুর এলাকার মো. ইউসুপের পুত্র মো. আইয়ুব (১৭) ও ঢাকার দক্ষিণখান আশকোনা এলাকার মো. শাহাদাত হোসেন (১৯)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরসূত্র জানায়, কোতোয়ালি থানার সিনেমা প্যালেস এলাকায় অভিযান চালিয়ে শাহাদাত হোসেনকে ২ হাজার পিস ইয়াবা ও বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকায় অভিযান চালিয়ে আইয়ুবকে ২ হাজার ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়।
‘শাটল ট্রেন’ চলচ্চিত্রের
প্রদর্শনী কাল শুরু
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেন নিয়ে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী প্রদীপ ঘোষের নির্মিত ‘শাটল ট্রেন’ চলচ্চিত্রের চট্টগ্রামে প্রদর্শনী আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হবে। পাঁচদিনব্যাপী প্রদর্শনী শেষ হবে ১৫ এপ্রিল। চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত এই প্রদর্শনী চলবে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শাটল ট্রেন চলচ্চিত্রের পরিচালক ও নির্মাতা প্রদীপ ঘোষ।
এ সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১১তম ব্যাচের সাবেক শিক্ষার্থী মোহাম্মদ শহিদুর রহমান। উপস্থিত ছিলেন কবি ও সাংবাদিক ওমর কায়সার, সংগঠক ও শিল্পী শাহারিয়ার খালেদ, কবি ও সাংবাদিক নাজিম উদ্দিন শ্যামল এবং চলচ্চিত্রটির প্রধান সহকারী পরিচালক রিফাত মোস্তফা।