কুড়িগ্রামের ফুলবাড়ীতে মদপান করার অপরাধে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার বিকালে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবেন্দ্রনাথ উরাঁও তার কার্যালয়ে আদালত বসিয়ে এ সাজা প্রদান করেন।
পুলিশ জানায়, ওইদিন দুপুরে ফুলবাড়ী থানার এএসআই একরামুল হক উপজেলার খড়িবাড়ী বাজার থেকে আঃ রশিদ (২৫) নামের এক যুবককে মাতাল অবস্থায় আটক করেন। আটক রশিদ উপজেলার রাবাইতারী গ্রামের মৃত আছর উদ্দিনের ছেলে। বিকালে তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করলে বিচারক উক্ত সাজা প্রদান করেন।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/নূহু