গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড়-সিন্দিয়া কঁচা সড়কের একটি অংশে সাঁকো দিয়ে চলাচলকারী ১০ গ্রামের মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। বৃষ্টিতে কাঁচা এ সড়কটিতে ছোট-বড় অসংখ্য গর্ত আর খানাখন্দের সৃষ্টি হয়েছে। এখন সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
বৃষ্টি হলে সড়কটির জলিরপাড়ের কিছু অংশ পানিতে ডুবে যায়। তখন এলাকাবাসী সড়কের ওপর বাসের সাঁকো দিয়ে চলাচল করে। চলাচলের অনুপযোগী এ সড়ক দিয়ে চলাচলকারীরা হাঁটতে গিয়ে হোঁচট খেয়ে পড়ছেন। এ সড়কে যাতায়াত ও পণ্য পরিবহনে এলাকাবাসীকে অনেক কষ্ট করতে হচ্ছে।
মুকসুদপুর উপজেলার জলিরপাড়া ইউনিয়নের জলাভূমি বেষ্টিত পশ্চাদপদ আবাদিবাড়ী, গজাড়িয়া, উল্লাবাড়ী, সিন্দিয়া, খালিয়া, জলিরপাড়, দক্ষিণ জলিরপাড়, শান্তিপুর, হঠাত্গ্রাম, পূর্বপাড়া গ্রামের মানুষের যাতায়াতের সুবিধার্ধে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ৩০ বছর আগে এ মাটির কাঁচা সড়ক নির্মাণ করা হয়।
দক্ষিণ জলিরপাড় গ্রামের নিতিশ তালুকদার বলেন, প্রায় ৩০ বছর আগে এ সড়কটি নির্মাণ করা হয়। তারপর আর কোনো সংস্কার করা হয়নি। এ কারণে সড়কটি এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ সড়কে ১০ গ্রামের অন্তত ৫ হাজার মানুষ চলাচল করে।
জলিরপাড় ইউপি চেয়ারম্যান অখিল চন্দ্র বৈরাগী ওই সড়কের দুর্দশার কথা স্বীকার করে বলেন, আমরা এ সড়কের জন্য প্রকল্প গ্রহণ করে জেলা পরিষদে অনেক আগেই পাঠিয়েছি। ইতোমধ্যে প্রকল্প পাস হয়েছে। প্রাথমিক পর্যায়ে এ সড়কে ইট বিছানোর কাজ করা হবে। অচিরেই কাজ শুরু করা হবে বলে তিনি জানান।
ইত্তেফাক/নূহু