ইত্তেফাক রিপোর্ট
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে আধুনিক কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান এই ল্যাবের উদ্বোধন করেন। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মিজানুর রহমানসহ বিভাগীয় শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। এই ল্যাবে ৩৮টি ‘কোর-আই সেভেন’ কম্পিউটার, একটি প্রজেক্টর, আসবাবপত্রসহ কম্পিউটারের অভ্যন্তরীণ ও বাহ্যিক নকশা করা হয়েছে। ল্যাবটিতে শিক্ষার্থীরা কম্পিউটার সংশ্লিষ্ট সব ধরনের ব্যবহারিক কাজ স্বল্প সময়ে করতে সক্ষম হবে। বিভাগের সাবেক শিক্ষার্থী আব্দুল্লাহ-হিল রাকিব এর কোম্পানী ‘টিম’ এই ল্যাবের অর্থায়ন করেছে। ল্যাবটির জন্য ব্যয় হয়েছে প্রায় ৩০ লাখ টাকা।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান তার উদ্বোধনী বক্তব্যে এই নতুন কম্পিউটার ল্যাব যথাযথ সদ্ব্যবহারের জন্য বিভাগীয় শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, এই ল্যাব থেকে বিভাগীয় শিক্ষক-শিক্ষার্থীরা তাদের লেখাপড়া ও গবেষণায় অনেক উপকৃত হবে। দেশের ব্যবসায় শিক্ষা প্রসারেও এ ল্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।