কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে সিএনজি-অটোরিক্সা চালকদের স্ট্যান্ডের রটেশনের টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। বুধবার সকাল পৌনে দশটায় শমশেরনগর চৌমুহনাস্থ চাতলাপুর সড়কে সংঘর্ষের ঘটনা ঘটে।
সিএনজি-অটোরিক্সা চালকরা বলেন, স্ট্যান্ডের রটেশনের ১৫ টাকা ও ২০ টাকা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে শমশেরনগর চৌমুহনা সিএনজি-অটোরিক্সা চালক সমিতি ও কুলাউড়া উপজেলার শরীফপুরের তেলিবিল সিএনজি-অটোরিক্সা চালক সমিতির চালকরা কাঠের টুকরো, লাটি ও ইট দিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে দু’পক্ষের ১৫ জন চালক আহত হন। আহতদের বিভিন্ন চিকিত্সা কেন্দ্র ও হাসপাতালে চিকিত্সা প্রদান করা হয়েছে। খবর পেয়ে কমলগঞ্জ থানার ওসি বদরুল হাসান সহ অন্যান্য পুলিশ সদস্যরা ঘটনাস্থলে আসেন।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সৈয়দ নাসির উদ্দীন বলেন, এর আমাদের কথা না শুনে সংঘর্ষে জড়িয়ে পড়ছে। তবে দু’পক্ষকে শান্ত থেকে চিকিত্সা প্রদান করতে বলা হয়েছে। দু’পক্ষের সাথে আলোচনা ও তদন্তক্রমে সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।