রাঙ্গামাটিতে বৈসাবী উত্সব শুরু
রাঙ্গামাটি প্রতিনিধি
পার্বত্য অঞ্চলের বর্তমান পরিস্থিতির কারণে পাহাড়ের মানুষ আনন্দমুখর পরিবেশে বৈসাবী উত্সব পালন করতে পারছে না বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটির সাবেক সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ-সভাপতি ঊষাতন তালুকদার। তিনি বলেন, এই অঞ্চলে পাহাড়ের মানুষ নিরাপদে, নির্বিঘ্নে, মন খুলে স্বতঃস্ফূর্তভাবে উত্সবমুখর পরিবেশে আগামী দিনগুলোতে যাতে সংস্কৃতি চর্চা করতে পারে তার জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছি। গতকাল মঙ্গলবার সকালে রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গণে বৈসাবী উত্সবের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
‘জুম্ম সংস্কৃতি সংরক্ষণ ও অধিকার নিশ্চিতকরণে ঐক্যবদ্ধ হোন’ এই স্লোগানকে সামনে রেখে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন— উত্সব কমিটির সদস্য ও সাবেক উপ-সচিব প্রকৃতি রঞ্জন চাকমা, প্রবীণ শিক্ষাবিদ মংসানু চৌধুরীসহ উত্সব কমিটির অন্য নেতৃবৃন্দ। এর আগে বেলুন উড়িয়ে উত্সবের সূচনা করা হয়। উদ্বোধনের পর উপজাতীয় শিল্পীদের নৃত্য পরিবেশনার মধ্যদিয়ে উপজাতীয়দের জীবনধারা তুলে ধরা হয়।