দীর্ঘ ৩১ বছর ধরে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে জিততে না পারার বন্ধ্যাত্ব ঘোচাতে চান ইংল্যান্ডের সেরা পেস বোলারা জেমস এন্ডারসন। আগামী ২৩ নভেম্বর থেকে ব্রিসবেনে শুরু হওয়া অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টেই জিততে মরিয়া তিনি। এন্ডারসন বলেন, ‘৩১ বছর হয়ে গেল ব্রিসবেনে আমরা জিততে পারিনি। তাই আসন্ন অ্যাশেজের প্রথম টেস্ট জয় করে ব্রিসবেনে দীর্ঘদিন জিততে না পারার বন্ধ্যাত্ব ঘোচাতে চাই।’
ব্রিসবেনের ভেন্যুতে ইংল্যান্ডের রেকর্ড মোটেও ভালো নয়। এখন পর্যন্ত এই ভেন্যুতে ২০টি টেস্ট খেলেছে ইংল্যান্ড। জয় পেয়েছে মাত্র ৪টিতে। হেরেছে ১১টিতে, ড্র করেছে ৫টিতে। এখানে ইংল্যান্ডের সর্বশেষ জয় ১৯৮৬ সালের নভেম্বরে। ঐ অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে ৭ উইকেটে জয় পেয়েছিলো ইংলিশরা। আজও ঐ জয় ব্রিসবেনের ভেন্যুতে ইংল্যান্ডের সর্বশেষ। এরপর সেখানে ৭টি টেস্ট খেলে কোন জয় তো পায়নি, উল্টো ৫টি ম্যাচ হেরেছে।
আসন্ন অ্যাশেজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে ব্রিসবেনে। এ ম্যাচেই ৩১ বছর পর ব্রিসেবেনে জয়ের স্বাদ নিতে মরিয়া এন্ডারসন স্কাই স্পোর্টসকে বলেন, ‘ গত দু’বছরে উভয় দলেরই অনেক পরিবর্তন হয়েছে। আমি মনে করি, উভয় দলই নিজেদের সেরাটা দেখাতে শুরু করেছে কিন্তু তাদের অসঙ্গতি রয়েছে। তাই যেকেউ ভালো শুরু করতে পারে। গাব্বায় অস্ট্রেলিয়ার দূর্গ রয়েছে। ১৯৮৮ সাল থেকে তারা এখানে আমাদের কাছে হারেনি। তবে ড্র বা জয়, যাই হোক না কেন আমি মনে করি আসল হলো কিভাবে সিরিজ হবে সেটি গুরুত্বপূর্ণ। তারপরও আমাদের লক্ষ্য থাকবে দীর্ঘদিন পর ব্রিসবেনে জয়ের দেখা পাওয়া।’
ইত্তেফাক/কেআই