আত্রাইয়ে ভুট্টায় আর্মি ওয়ার্মের আক্রমণ

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ে ভুট্টায় আর্মি ওয়ার্ম নামে ফসল বিধ্বংসী নতুন এক পোকার আক্রমণ দেখা দিয়েছে। গত এক সপ্তাহে এই পোকা ছড়িয়ে পড়েছে উপজেলার প্রায় প্রতিটি মাঠে। কীটনাশক দিয়েও প্রতিকার পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন কৃষকেরা। দ্রুত এই পোকা দমন করা না গেলে বড় ক্ষতির মুখে পড়বে কৃষক এমনটিই আশঙ্কা প্রকাশ করছেন তারা।

এদিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে কোনো প্রকার সাহায্য সহযোগিতা পাচ্ছে না কৃষকেরা এমটি অভিযোগ কৃষকদের। ফলে কৃষকেরা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেবে, ভুট্টা আবাদ লাভজনক হওয়ায় উপজেলায় এবার লক্ষ্য মাত্রার চেয়ে অধিক জমিতে ভুট্টার আবাদ করা হয়েছে। চলতি বছরে উপজেলায় ৪ হাজার ৬০০ হেক্টর জমিতে ভুট্টার লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে ৫ হাজার ১০০ হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে।

জানা যায়, উপজেলার শাহাগোলা ইউনিয়নের জাতোপাড়া, ভোঁপাড়া ইউনিয়নের মহাদীঘি, হাটকালুপাড়া ইউনিয়নের কিছু অংশ, আহসানগঞ্জ ইউনিয়নের শুঁটকিগাছা, বেওলা, চৌবাড়ি, পাঁচুপুর ইউনিয়ন ও কালিকাপুর ইউনিয়নসহ বিভিন্ন এলাকার ভুট্টা ক্ষেতে দেখা দিয়েছে ফল আর্মি ওয়ার্মের আক্রমণ। গাছের পাতা থেকে শুরু করে কান্ড পর্যন্ত খেয়ে ফেলছে এই পোকা। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ক্ষেতের পরিমাণ। শত শত হেক্টরে ফসল নষ্ট হতে চলেছে। কোনো প্রতিষেধকই কাজে আসছে না বলে দাবি করছেন চাষিরা। অন্যান্য ল্যাদা পোকার চেয়ে আলাদা ফল আর্মি ওয়ার্ম। পরিণত বয়সের একটি পোকা অসংখ্য বাচ্চা দেয়। দিনে গাছের কাণ্ড ও মাটিতে থাকলেও সন্ধ্যার পর থেকে ছড়িয়ে পড়ে সমস্ত গাছে। 

কৃষি বিভাগ জানিয়েছে, কীটনাশক দিয়ে এ পোকা দমন সম্ভব নয়। পোকার আক্রমণ শনাক্ত করা গেলে প্রতিরোধ করা যেতে পারে বলছেন কর্মকর্তারা।