সদরপুরে ১২ মুক্তিযোদ্ধার সনদ বাতিলের সিদ্ধান্ত স্থগিত

ইত্তেফাক রিপোর্ট

ফরিদপুরের সদরপুর উপজেলার ১২ জন মুক্তিযোদ্ধার সনদ ও গেজেট বাতিলের সিদ্ধান্ত ছয় মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। একইসঙ্গে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) নেওয়া ওই সিদ্ধান্ত কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, জামুকা চেয়ারম্যান ও মহাপরিচালক ও ফরিদপুর জেলা প্রশাসককে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গত সোমবার এই আদেশ দেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী অমিত দাশগুপ্ত। তিনি বলেন, এরা সকলেই গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা। তাদের সকলের নামই লাল মুক্তিবার্তায় রয়েছে। এরপরেও সনদ বাতিলের সিদ্ধান্ত নেওয়া সঠিক হয়নি।

২০১৮ সালের নভেম্বর মাসে জামুকার ৬০তম সভায় এই ১২ মুক্তিযোদ্ধার বিষয়ে আলোচনা হয়। সেখানে বলা হয়, জামুকার চেয়ারম্যানের নির্দেশনা মোতাবেক মুক্তিযোদ্ধাদের গেজেট ও সনদ বাতিলের জন্য মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ে প্রেরণের সিদ্ধান্ত নেওয়া হলো। এ সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন হারুন-অর রশিদসহ ১২ মুক্তিযোদ্ধা।