জাতিসংঘের ‘ইকোনমিক এন্ড সোস্যাল কমিশন ফর এশিয়া এন্ড দ্য প্যাসিফিক’ (এসকাপ) এর ‘এশিয়া প্যাসিফিক ইনফরমেশন সুপার হাইওয়ে’ (এপিআইএস)-এর স্টিয়ারিং কমিটির দুই দিনব্যাপী অধিবেশন আজ বুধবার ঢাকায় শুরু হয়েছে।
বুধবার সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
অর্থমন্ত্রী বলেন, ২০০৮ সালের নির্বাচনী ইশতেহারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার ঘোষণা দিয়েছেন। তার সেই ঘোষণাকে বাস্তবে রূপ দেয়ার মাধ্যমে গত নয় বছরে বাংলাদেশের আইসিটি খাতে অভাবনীয় উন্নতি হয়েছে। এই খাতকে এগিয়ে নেয়ার মাধ্যমে বাংলাদেশের উন্নয়নের গতি আরো ত্বরান্বিত হবে।
তিনি বলেন, এশিয়া প্যাসিফিক ইনফরমেশন সুপার হাইওয়ে (এপিআইএস)-এর মাধ্যমে শুধু বাংলাদেশই নয়, এ অঞ্চলের অন্য দেশগুলোও উপকৃত হবে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পরিবহন বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, রেলপথ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মোফাজ্জল হোসাইন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব (দায়িত্বপ্রাপ্ত) সুশান্ত কুমার সাহা, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব (দায়িত্বপ্রাপ্ত) মনোয়ার আহমেদ, লার্ন এশিয়া বাংলাদেশ’র সিনিয়র পলিসি ফেলো আবু সাঈদ খান এবং ইউএনএসকাপ-এর ইকোনমিকস এন্ড ফাইন্যান্সিং প্রোগ্রামের ডেপুটি এক্সিকিউটিভ সেক্রেটারি হং জো হাম।
স্বাগত বক্তব্য রাখেন এপিআইএস ওয়ার্কিং গ্রুপের সভাপতি ও আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক বনমালী ভৌমিক।
ইত্তেফাক/কেকে