বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘নারী সমাজ ও নতুন (তরুণ) ভোটার আমাদের টার্গেট। প্রতিটি ঘরে ঘরে গিয়ে শিক্ষিত, সৎ ও ভালো মানুষ, মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্রে বিশ্বাসী, বঙ্গবন্ধুকে ভালোবাসেন এমন মানুষদের আওয়ামী লীগের সদস্য মনোনয়ন করবেন। তবে চিহ্নিত অপরাধী, চাঁদাবাজ, দালাল, সন্ত্রাসী, ভূমিদস্যু, মাদক ব্যবসায়ী, খুনী, দখলদার ও স্বাধীনতা বিরোধী অপশক্তি আওয়ামী লীগের সদস্য মনোনয়ন করা যাবে না। এছাড়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি জালিয়াতি ও টেন্ডারবাজিতে জড়িতরাও আওয়ামী লীগে আসতে পারবে না।
বুধবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ মিলনায়তনে রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগের সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘অগ্রহণযোগ্য, খারাপ প্রকৃতির ও অনুপ্রবেশকারীদের আওয়ামী লীগে জায়গা হবে না। খারাপ লোকদের দল থেকে বের করে দিতে হবে। আমরা খারাপ লোকের সঙ্গে চলতে চাই না। ভালো লোক সংখ্যায় কম হলেও, তাতেই আমরা খুশি। মানুষের আচরণ খারাপ হলে উন্নয়ন কোনো কাজে আসবে না। তাই উন্নয়নের আগে নিজেকে ভালো হতে হবে। যাদের আচরণ খারাপ তাদের নিজেদের সংশোধন হতে হবে। তাহলেই উন্নয়ন কাজে দিবে। তিনি আরও বলেন, ভোটের জন্য আমরা রাজনীতি করি না। আমরা রাজনীতি করি জেনারেশনের জন্য। এই জেনারেশনের জন্যই আগামী নির্বাচনে আমাদের বিজয়ী হতে হবে। আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয়ী হতে হবে, নিজেদের আরও ঐক্যবদ্ধ হতে হবে।’
ইত্তেফাক/এমআই