৬ মাসের মধ্যে মামলা
নিষ্পত্তির নির্দেশ
ইত্তেফাক রিপোর্ট
ভবন নির্মাণ সংক্রান্ত অনিয়মের মামলায় সাভারের রানা প্লাজার মালিক সোহেল রানাকে জামিন দেয়নি হাইকোর্ট। জামিন প্রশ্নে জারিকৃত রুল শুনানি শেষে খারিজ করে দেওয়া হয়েছে। একইসঙ্গে উক্ত মামলাটি ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করতে নিম্ন আদালতকে নির্দেশ দিয়েছে আদালত। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কেএম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল মঙ্গলবার এই আদেশ দেন। আদালতে দুদকের পক্ষে খুরশীদ আলম খান, রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিনউদ্দিন মানিক ও রানার পক্ষে মো. সাজ্জাদ আলী চৌধুরী শুনানি করেন।
২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা ধসে ১ হাজার ১৩৫ জন শ্রমিক নিহত হন। আহত হয় কয়েক হাজার। এই রানা প্লাজা ভবনটি ছয় তলার অনুমোদন থাকলেও অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নিয়ে আট তলা করা হয়। এ ঘটনায় পরের বছর দুদক ১৭ জনকে আসামি করে সাভার মডেল থানায় মামলা করে। ওই মামলায় জামিন চেয়ে আবেদন করেন রানা। ওই জামিন আবেদনের শুনানি নিয়ে ২০১৬ সালের ৯ মে হাইকোর্ট রুল জারি করে। রুলে সোহেল রানাকে কেন জামিন দেয়া হবে না তা জানতে চাওয়া হয়। গতকাল ওই রুলের উপর চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট তা খারিজ করে দেয়। এর ফলে কারাগারেই থাকতে হচ্ছে রানাকে।