ফাঁসির সেলফি

 
পারিবারিক কলহের জেরে স্ত্রীর সাথে অভিমান করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েই আত্মহত্যা করেছেন রেজাউল করিম রনি (৩২) নামের এক যুবক। বুধবার ভোরে কক্সবাজার শহরের পাহাড়তলীতে এ ঘটনা ঘটে। আত্মহত্যার আগে তার দেয়া স্ট্যাটাস ও সেলফিটি এখন সবখানে ভাইরাল হয়েছে। 
 
সূত্র জানায়, পাহাড়তলীর নজির হোসেনের ঘোনার আলী আহমদের ছেলে রেজাউল করিম রনি কলেজে পড়াকালীন প্রতিবেশী পশ্চিম পাহাড়তলীর কহিনুরের প্রেমে পড়েন। পরে সামাজিকভাবে বিয়েও হয় তাদের। 
 
সূত্র আরো জানায়, প্রেমের বিয়ে হলেও কিছুদিন ধরে পারিবারিক কলহে জড়িয়ে পড়েন তারা। ফলে ঝগড়া লেগেই থাকত স্বামী-স্ত্রীর মধ্যে। মঙ্গলবারও ঝগড়া হয় তাদের। এরপর সন্তানদের নিয়ে একই এলাকায় বাপের বাড়ি চলে যায় স্ত্রী কহিনুর। ভালোবাসার মানুষটি তাকে না বুঝে বাপের বাড়ি চলে যাওয়ার ক্ষোভ ও অভিমানে মানসিকভাবে ভেঙে পড়েন রনি।
 
এরপর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার আইডিতে একটি স্ট্যাটাস দেন বুধবার ভোর সাড়ে ৫টার দিকে। এসময় গলায় নীল রংয়ের একটি রশি লাগানো সেলফিও আপলোড করেন তিনি। ধারণা করা হচ্ছে এরপরই তিনি ফ্যানে ঝুলে আত্মহত্যা করেন। 
 
কক্সবাজার সদর মডেল থানার ওসি রনজিত বড়ুয়া তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে দুপুর ১২টার দিকে এসআই জামাল হোসেন ঘটনাস্থলে গিয়ে বাড়ির দরজা ভেঙ্গে লাশ উদ্ধার করে। ময়নাতদন্ত শেষে মাগরিবের আগে মরদেহটি রনির বড় ভাই আনিসের হাতে হস্তান্তর করা হয়। 
 
এসআই জামাল হোসেন জানান, কহিনুর বলেছেন মঙ্গলবার কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে প্রহার করেন রনি। এরপরই তিনি সন্তানদের নিয়ে বাপের বাড়ি চলে যান। তাদের ভেতর পারিবারিক কলহ বেশ কিছু দিন আগে থেকেই হয়ে আসছিল। আর রনি একটু বদমেজাজি ছিলেন বলে দাবি করেছে তাদের দু’পরিবারের সদস্যরা।
 
ইত্তেফাক/আরকেজি