হাজারো কণ্ঠে বর্ষবরণে বর্ণিল আয়োজন

ইত্তেফাক রিপোর্ট

প্রতি বছরের মতো এবারো নতুন বর্ষকে বরণ করতে ‘হাজারো কণ্ঠে বর্ষবরণ-১৪২৬’ অনুষ্ঠানের আয়োজন করেছে ‘লিভার আয়ুশ ও চ্যানেল আই’। এতে রবীন্দ্র সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার পরিচালনায় তার প্রতিষ্ঠান সুরের ধারার হাজার শিল্পী অংশ নেবে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের উন্মুক্ত চত্বরে এই বর্ষবরণ অনুষ্ঠিত হবে। সুন্দর আগামী ও দেশবাসীর মঙ্গল কামনায় ‘লিভার আয়ুশ ও চ্যানেল আই’ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করেছে। গতকাল মঙ্গলবার এ উপলক্ষে চ্যানেল আই কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরেন চ্যানেল আই ও ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। এসময় আরো উপস্থিত ছিলেন, সুরের ধারার অধ্যক্ষ ও চেয়ারপারসন রেজওয়ানা চৌধুরী বন্যা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু এবং ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের মার্কেটিং ডিরেক্টর নাফিস আনোয়ার।

ফরিদুর রেজা সাগর বলেন, বর্ষ বরণের এ আয়োজনটিকে সামনে থেকে না দেখলে এর আনন্দটা উপলব্ধি করা সম্ভব নয়। তাই আমার আন্তরিক অনুরোধ, সবাই এই আয়োজনটিতে অংশ নেবেন ও সব সময় চ্যানেল আইয়ের সাথে থাকবেন।

শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। এছাড়াও এবারের আয়োজনে আরো একটি বিশেষ আকর্ষণ থাকবে। তা হলো ভুটানের প্রধানমন্ত্রী লোতে শেরিং এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। নাফিস আনোয়ার বলেন, বিগত বছরের মতো এ বছরও আমরা ‘লিভার আয়ুশ চ্যানেল আই হাজারো কণ্ঠে বর্ষবরণ ১৪২৬’ এর সাথে অংশ নিচ্ছি। এবছর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আমাদের একটি এক্সপেরিয়েন্স জোন থাকবে ‘লিভার আয়ুশ’ এর, আপনাদের কাছে আমাদের অনুরোধ, আমাদের এই স্টলটিতে যাবেন এবং প্রোডাক্টগুলো দেখবেন।

শিল্পীদের কণ্ঠে বর্ষবরণের পাশাপাশি আয়োজন করা হবে বৈশাখী মেলার। থাকবে বাঙালির হাজার বছরের ঐতিহ্যের উপাদান দিয়ে সাজানো স্টল। স্টলগুলোর মধ্যে রয়েছে—পিঠাপুলি, মাটির তৈরি তৈজস, বেত, কাঁথা, পিতল, পাট ও পাটজাত দ্রব্যের নানা জিনিসপত্রসহ রকমারি পণ্যের স্টল।

পহেলা বৈশাখের ভোর সাড়ে ৫টায় চ্যানেল আইয়ের পর্দায় এবং চ্যানেল আই ভেরিফায়েড ফেইসবুক পেইজে সরাসরি সম্প্রচার হবে অনুষ্ঠানটি। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার সাপ্তাহিক আনন্দ আলো, রেডিও ভূমি, চ্যানেল আই অনলাইন। অ্যাভিয়েশন পার্টনার ইমপ্রেস অ্যাভিয়েশন লিমিটেড, টেলিকম পার্টনার রবি।