রাজবন বিহারে চীবর দানোৎসব বৃহস্পতিবার

 
রাঙ্গামাটি রাজবন বিহারে বৌদ্ধ ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় অনুষ্ঠান কঠিন চীবর দানোৎসব বৃহস্পতিবার শুরু হচ্ছে। এ দিন দুপুর ১টায় পঞ্চশীল গ্রহণের মধ্য দিয়ে ২দিন ব্যাপী শুরু হবে বৌদ্ধদের এ মহাপুণ্যাযজ্ঞ। এরপর সূত্রপাঠ করে বেইন ঘর উদ্বোধন করবেন মহাপরিনির্বাণগত মহাসাধক শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভান্তের শিষ্যমণ্ডলীরা। বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় এই অনুষ্ঠান ঘিরে উৎসবমুখর হয়ে উঠেছে রাজবন বিহারের পুরো এলাকা।
 
রাঙ্গামাটি রাজবন বিহারের সূত্রে জানা গেছে, মহামতি গৌতম বুদ্ধের জীবদ্দশায় তার প্রধান সেবিকা মহাপুণ্যবতী বিশাখা প্রবর্তিত নিয়মে রাজবন বিহারে এবার ৪৪তম কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হচ্ছে। 
 
বুধবার সকাল থেকে উৎসবে যোগ দিতে রাজবন বিহারে থেকে অগণিত পুন্যার্থীর ঢল নামতে শুরু করেছে। রাজবন বিহারে বৌদ্ধ সম্প্রদায়ের এ বড় ধর্মীয় উৎসব কঠিন চীবর দানোৎসবকে ঘিরে উৎসবমুখর হয়ে উঠেছে গোটা রাঙ্গামাটি শহর। উৎসব ঘিরে রাজবন বিহার এলাকায় বসছে মেলা। ধর্মীয় কীর্তন, নাটক, চরকায় সুতা কাটা, বেইন বোনা, কল্পতরু শোভাযাত্রাসহ চলছে বর্ণাঢ্য নানা আয়োজন। 
 
রাজবন বিহার উপাসক-উপাসিকা পরিষদের সভাপতি গৌতম দেওয়ান জানান, রাঙ্গামাটি রাজবন বিহারে কঠিন চীবর দান উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে সম্পন্ন হয়েছে সব প্রস্তুতি। উৎসবে বরাবরের মতো লাখো পূণ্যার্থীর সমাগম ঘটবে বলে আশা প্রকাশ করেন তিনি।
 
ইত্তেফাক/আরকেজি