আবারও গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা পরিষদের (বিএনপি-জামায়াত সমর্থিত) চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান মুন্সীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় গাইবান্ধা জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল এ তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে সাইদুর রহমান মুন্সি দ্বিতীয় বারের মতো বরখাস্ত হলেন।
জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল জানান, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব জুলিয়া মঈন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তার সাময়িক বরখাস্তের আদেশটি বুধবার জেলা প্রশাসক কার্যালয়ে আসে। পরে ওই আদেশটি সাদুল্লাপুর উপজেলা পরিষদে পাঠানো হয়।
তিনি আরও জানান, সাদুল্লাপুর উপজেলা আওয়ালীগের সাধারণ সম্পাদক শাহারিয়া খান বিপ্লবকে হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলার অভিযোগপত্র (চার্জশীট) আদালতে গৃহীত হওয়ায় স্থানীয় সরকার মন্ত্রণালয় এক পরিপত্রে তাকে সাময়িক বরখাস্তের এই আদেশ জারী করেন।
একই সাথে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি ছামছুল হাসান ছামছুল ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে এই সময় দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য- ২০১৩ সালের ১৩ ডিসেম্বর সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহারিয়া খান বিপ্লব উপজেলার জামালপুর বাজারে জামায়াত-শিবিরের সশস্ত্র কর্মীদের হামলায় আহত হন। এ ঘটনায় বিপ্লব বাদী হয়ে থানায় ২৯ ডিসেম্বর হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন। গেল বছরের ১৫ অক্টোবর ওই মামলায় পুলিশ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সাইদুর রহমান মুন্সীসহ ১৬ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
তবে এ বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান মুন্সীর সঙ্গে মুঠোফোনে যোগাযোাগ করা হলে তিনি বিষয়টি শুনেছেন বলে জানিয়ে বলেন, এখনও আদেশটি হাতে পাননি।
ইত্তেফাক/নূহু