মোবাইল চুরির অভিযোগে পিয়াস নামে চার বছরের এক শিশুকে বস্তায় ভরে নির্যাতন করার অভিযোগ ওঠেছে। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের কচিকাঁচা নিকেতনের পাশে।
পিয়াস ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ভূইয়ার হাটের বাসিন্দা সোহেলের ছেলে। পিয়াসের বাবা জানায়, সন্ধ্যার দিকে বাড়ির সামনে থেকে ডেকে নিয়ে মোবাইল ফোন চুরির অভিযোগ এনে স্থানীয় রাকিব (২২) নামে এক তরুণ তার ছেলেকে বস্তায় ভরে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালায়। এক পর্যায়ে তাকে খালে ফেলে দেয়ার জন্য নিয়ে যাওয়া হয়। এসময় চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে রাকিব পালিয়ে যায়। পরে তাকে দ্রুত উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী সদর হাসপাতালে হস্তান্তর করেন।
রায়পুর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক বলেন, শিশুটির চোখে ও মুখে মারাত্মক জখম থাকায় প্রাথমিক চিকিৎসা দিয়েই সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আজিজুর রহমান মিয়া ইত্তেফাককে বলেন, ঘটনাটি শুনেই পুলিশ পাঠিয়ে খোঁজ খবর নেওয়া হয়েছে। রাকিব পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। তবে ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে রিফাত ও রাবি নামের দুইজনকে আটক করা হয়েছে। নির্যাতনের শিকার শিশুটির পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত অন্যদের গ্রেফতারের জন্য পুলিশ বিভিন্নস্থানে অভিযান চালাচ্ছে।
ইত্তেফাক/জামান