‘আগামীবছর দুটি সিনেমায় অভিনয়ের কথা চলছে’

 
চঞ্চল চৌধুরী। মঞ্চ, টিভিনাটক ও সিনেমায় তার অভিনয় দর্শকমহলে সমানভাবে প্রশংসনীয়। তবে সিনেমায় তার উপস্থিতি সীমিত। সর্বশেষ আয়নাবাজি সিনেমায় নিজের অনবদ্য অভিনয়ের মাধ্যমে দর্শকদের প্রেক্ষাগৃহমুখি করেছেন। এরপর হুমায়ূন আহমেদের জনপ্রিয় চরিত্র মিসির আলীর চরিত্রে ‘দেবী’ নামের একটি সিনেমায় অভিনয় করেছেন। 
 
সরকারি অনুদানের ছবিটি মুক্তির অপেক্ষায়। ছবিটি প্রসঙ্গে তিনি বলেন, ‘ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে। বলতে পারি, ছবিটি ভালোলাগার মতো। দেবী যেহেতু আমার পছন্দের উপন্যাস এবং মিসির আলী প্রিয় চরিত্র, তাই বেশ মায়া লাগিয়ে কাজটি করেছি।’
 
বর্তমান ব্যস্ততা নিয়ে তিনি বলেন, ‘নাটক নিয়েই ব্যস্ত সময় পার করছি। ৩০ অক্টোবর ও গতকাল থেকে আমার দুটি নতুন ধারাবাহিক নাটক প্রচার শুরু হয়েছে। আরও ৩টি ধারাবাহিক শিগগিরই প্রচার শুরু হবে। নাটকগুলা পরিচালনা করেছেন সাগর জাহান, মাসুদ সেজান, হিমু আকরাম এবং সঞ্জিত সরকারের মতো নির্মাতারা। আশা করি এই ধারাবাহিকগুলোও জনপ্রিয়তা পাবে।’
 
দেবীর পর নতুন কোন সিনেমার কাজ শুরু করবেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভালো কোনো প্রস্তাব না পেলে আমি কাজ করি না। এ বছর আর কোনো চলচ্চিত্রে কাজ করছি না। তবে আগামীবছর দুটি সিনেমায় অভিনয়ের কথা চলছে। এখনও চূড়ান্ত নয়। সবকিছু চূড়ান্ত হলে জানাবো।’
 
ইত্তেফাক/আনিসুর