চট্টগ্রামের হাটহাজারীতে স্ত্রীকে মারধরের অপরাধে মো. হেলাল (৩৩) নামে এক স্বামীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আক্তার উননেছা শিউলী বৃহস্পতিবার দুপুর সোয়া ২টায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ রায় প্রদান করেন। মো. হেলাল হাটহাজারী পৌরসভাধীন পশ্চিম দেওয়ান নগর রঙ্গীপাড়া মনু মেম্বারের পুরাতন বাড়ির আবুল খায়েরের ছেলে।
জানা যায়, মো. হেলাল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদক সেবন করে পারিবারিক অশান্তি সৃষ্টি করে আসছে। বৃহস্পতিবার দুপুরে সে মাদক সেবনের টাকার জন্য স্ত্রী মিনু আক্তারকে মারধর করে। এ বিষয়ে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করলে তিনি পুলিশ নিয়ে মো. হেলালকে ঘটনাস্থল থেকে আটক করে। সেখানে সাক্ষ্য প্রমাণ ও মো. হেলালের স্বীকারোক্তি অনুযায়ী অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতে ইউএনও তাকে ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও আক্তার উননেছা শিউলী ইত্তেফাককে বলেন, মাদকাসক্ত হয়ে স্ত্রীকে মারধরের অপরাধ প্রমাণিত হওয়ায় মো. হেলালকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
ইত্তেফাক/জামান