চলতি সপ্তাহে পার্থে ইংল্যান্ডের এ্যাশেজ সিরিজ শুরু হতে যাচ্ছে। কিন্তু সিরিজের শুরুতেই ফাস্ট বোলার স্টিফেন ফিন ও অল-রাউন্ডার মঈন আলীর ইনজুরি নিয়ে বিপাকে পড়েছে সফরকারী ইংল্যান্ড।
অনুশীলনে ব্যাটিংয়ের সময় বাম হাঁটুতে আঘাত পেয়েছেন ফিন। অন্যদিকে আলী পিঠের পেশীর ইনজুরিতে ভুগছেন এবং এ কারণে বৃহস্পতিবার অনুশীলনে যোগ দিতে পারেননি। উভয় খেলোয়াড়েরই শুক্রবার স্ক্যান করানো হবে। শনিবার পশ্চিম অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে দুইদিনের ম্যাচ দিয়ে ইংল্যান্ড তাদের এ্যাশেজ সফর শুরু করতে যাচ্ছে।
আগামী ২৩ নভেম্বর থেকে ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট শুরু হবার আগে ইংল্যান্ড তিনটি অনুশীলন ম্যাচ খেলবে। বহিষ্কৃত অল-রাউন্ডার বেন স্টোকসের জায়গায় ফিন শেষ মুহূর্তে দলে ডাক পেয়েছিলেন। কিন্তু ওয়াকা মাঠে নেট অনুশীলনে হাঁটুতে আঘাত পেয়ে এখন তার খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। ইংল্যান্ডের হয়ে ৩৬ টেস্ট খেলা ফিনকে মূল একাদশে জায়গা করে নিতে হলে জেক বল ও ক্রেইগ ওভারটনের সাথে লড়াই করেই ফিরতে হবে। কিন্তু ৪৪ টেস্ট খেলা আলী সাম্প্রতিক সময়ে ইংল্যান্ডের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে জায়গা করে নিয়েছেন। ঘরোয়া শেফিল্ড শিল্ডে পশ্চিম অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা ব্যস্ত থাকায় শনিবারের ম্যাচে ইংল্যান্ড দ্বিতীয় সারির ডব্লিউএ একাদশের বিপক্ষে মাঠে নামবে।
ইত্তেফাক/ রেজা