বগুড়ার শেরপুরের মহিপুর বাজার এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বুধবার রাতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আব্বাস আলী (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মারুফ হাসান নামে এক শিক্ষার্থী আহত হন।
স্থানীয়রা জানান, উপজেলার গাড়ীদহ মডেল ইউনিয়নের মহিপুর কলোনি গ্রামের ডিউকের ছেলে শাকিল দুই/তিনদিন আগে মহিপুর জামতলা গ্রামের মাসুদ রানার ছেলে মারুফের কাছ থেকে একটি মোবাইল ফোন বন্ধক নেন। হঠাৎ মোবাইলে সমস্যা দেখা দিলে গত বুধবার রাতেই শাকিলের কাছে মোবাইলের টাকা আনতে যায়। তখন শাকিল টাকা না দিয়ে উল্টো মারুফের মোবাইল কেড়ে নেয়। এ নিয়ে শাকিল ও মারুফের কথা কাটাকাটি হয়। ওই এলাকার ইজার উদ্দিনের ছেলে আব্বাস আলী ওই রাতেই তাদের নিয়ে একটি মধ্যস্থতা বৈঠক করার চেষ্টাকালে উভয়পক্ষের উত্তেজনার এক পর্যায়ে আব্বাস ছুরিকাঘাত হন। এসময় তাকে গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ ব্যাপারে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শফিকুল ইসলাম মিলিটারির ছেলে শান্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় অন্যান্যদের আটকের চেষ্টা চলছে।
ইত্তেফাক/জামান