এসডিজি-৪'র লক্ষ্য বাস্তবায়নে দরকার ই-নাইনভুক্তদের সহযোগিতা

 
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এসডিজি-৪’র লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ই-নাইন ফোরামভুক্ত দেশগুলোর পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করেছেন।তিনি বলেন, ই-নাইনভুক্ত সকল দেশের কার্যকর সহযোগিতা ছাড়া এসডিজি-৪’র লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন সম্ভব নয়।
 
শিক্ষামন্ত্রী চলতি বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশে অনুষ্ঠিত ই-নাইন ফোরামের শিক্ষামন্ত্রীদের সম্মেলনে গৃহীত ‘ঢাকা ডিক্লারেশনের’ সিদ্ধান্তসমুহ পুনরুল্লেখ করেন।
 
নিজ-নিজ দেশের অভিজ্ঞতা ও ভালো উদাহরণ পারস্পরিকভাবে বিনিময় এবং এগুলো সব পরিসরে আলোচনা করার জন্যও আহ্বান জানান তিনি।
 
নুরুল ইসলাম নাহিদ বুধবার ফ্রান্সের প্যারিসে ইউনেস্কোর সদর দফতরে ৩৯তম সাধারণ সম্মেলনে অংশগ্রহনকারী ই-নাইন দেশসমূহের শিক্ষামন্ত্রী ও প্রতিনিধি দলের প্রধানদের সম্মানে তার পক্ষ থেকে আয়োজিত সংবর্ধনা ও মধ্যাহ্ন ভোজ অনুষ্ঠানে বক্তৃতাকালে এ আহ্বান জানান। 
 
ব্রাজিল, চীন, মিশর, ভারত, ইন্দোনেশিয়া, মেক্সিকো, নাইজেরিয়া এবং পাকিস্তানের শিক্ষামন্ত্রী এবং প্রতিনিধি দলের প্রধানরা এ অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। 
 
আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তি এ কথা জানানো হয়। এতে বলা হয়, ওই অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, ই-নাইনভুক্ত নয়টি দেশে পৃথিবীর মোট জনসংখ্যার শতকরা ৫০ ভাগ বাস করে, যাদের মধ্যে বয়স্ক নিরক্ষতার হার অনেক বেশি। এসব দেশে বয়স্ক নিরক্ষতার হার শতকরা প্রায় ৭০ ভাগ।
 
সভায় ই-নাইন দেশসমূহের প্রতিনিধিরা লক্ষ্য অর্জনে ঢাকা ডিক্লারেশনের আলোকে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
 
বাংলাদেশের শিক্ষামন্ত্রী ইউনেস্কো সাধারণ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। সংস্থাটির পরবর্তী দুই বছরের কর্মসূচি ও বাজেট চুড়ান্ত করার জন্য প্রতি দু’বছর পর পর এ সম্মেলন অনুষ্ঠিত হয়। 
 
বাংলাদেশ প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে রয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমেদ এবং বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের সচিব মো. মনজুর হোসেন। বাসস
 
ইত্তেফাক/কেকে