নবাবগঞ্জ উপজেলায় নুরুল ইসলাম (৫০) নামের এক ওষুধ ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার আগলা মাছের বাজার থেকে বুধবার রাত সাড়ে ১০টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।
নুরুল ইসলাম উপজেলার উত্তর চৌকিঘাটা গ্রামের আব্দুল কাদেরের ছেলে। তিনি তেঁতুলতলা বাজারে ওষুধের ব্যবসা করতেন।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, বুধবার রাত ৯টার দিকে নুরুল ইসলাম ওষুধের দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। আগলা মাছের বাজারে রাত সাড়ে ১০টার দিকে নুরুলের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা তার স্বজনদের জানায়। সংবাদ পেয়ে স্বজনরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এসময় স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানায়, তিনি অনেক আগেই মারা গেছেন। খবর পেয়ে রাত ১২টার দিকে পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নবাবগঞ্জ থানার ওসি মোস্তফা কামাল জানান, মৃতদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার সকালে সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/আরকেজি