নৌকা ডুবিতে ২ পরীক্ষার্থীর মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির কাজ শুরু

 
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নৌকা ডুবিতে দুই জেএসসি পরীক্ষার্থীর মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি কাজ শুরু করেছে। বৃহস্পতিবার সকাল থেকে জেলা প্রশাসন থেকে গঠিত তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি সরেজমিনে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত কাজ শুরু করেছেন। 
 
তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাহিদুল ইসলাম, নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভির সালেহিন গাজী ও জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গৌতম চন্দ্র মিত্র উপস্থিত ছিলেন। 
 
তদন্ত কমিটির সদস্যরা নবীনগর উপজেলার কৃষ্ণনগর আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দুর্ঘটনা কবলিত ছাত্র ছাত্রী, শিক্ষক ও কেন্দ্র সচিবের সাথে কথা বলেন। এছাড়াও নৌকা ডুবির স্থানে গিয়ে এলাকাবাসী ও উদ্ধার কাজে অংশগ্রহণকারীদের সাথেও কথা বলেন। এদিকে বুধবার রাতেই জানাযা শেষে নিহতদের দাফন সম্পন্ন করা হয়েছে। তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে আগামী তিন কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। তদন্ত কমিটি আন্তরিকতার কাজ করছেন। শিক্ষার্থীরা যাতে করে কোনভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রাখা হবে।
 
এদিকে বৃহস্পতিবার সকালে উপজেলার বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা বাংলা ২য় পত্র পরীক্ষায় অংশ গ্রহণ করার জন্য নৌকায় করে কৃষ্ণনগরে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে। নৌকাডুবির কারণে বুধবার ১৬জন পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে অনুপস্থিত ছিল। তবে অনুপস্থিত থাকা ১৬জনের অনেকেই বৃহস্পতিবার পরীক্ষা দিচ্ছে বলে কৃষ্ণনগর আবদুল জব্বার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব ফেরদাউসুর রহমান জানান। 
 
বীরগাঁও স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক নাজির হোসেন জানান, পরীক্ষার্থীরা অনেকটা স্বাচ্ছন্দ্যের সঙ্গে পরীক্ষায় অংশ নিচ্ছে। তারা এখন মানসিক ভাবে অনেকটা স্বাভাবিক। নবীনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা সালেহীন তানভীর গাজীসহ উপজেলা প্রশাসনের অনেকেই পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। 
 
বিদ্যালয় সূত্রে জানা গেছে, বীরগাঁও স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের জন্য উপজেলা প্রশাসন থেকে তিনটি নৌকা দেওয়া হয়েছে। এই নৌকায় করে শিক্ষার্থীরা উপজেলা থানাকান্দি থেকে কৃষ্ণনগর নদীঘাটে পৌঁছায়। 
 
ইত্তেফাক/আরকেজি