বিপুল পরিমান মাদক উদ্ধার, মা-ছেলেসহ আটক ৪

 
বগুড়ায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদক উদ্ধার এবং মা-ছেলেসহ ৪জনকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোর্শেদ এ তথ্য নিশ্চিত করেন।
 
সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ জানতে পারে কক্সবাজার থেকে বিপুল পরিমান মাদকদ্রব্য নিয়ে একটি ট্রাক বগুড়ার উদ্দেশ্যে আসছে। উক্ত খবর পাওয়ার পর র‌্যাবের একটি দল শহরের ছিলিশপুর বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের গেটের সামনে চেক পোস্ট বসিয়ে অবস্থান নেন।
পরে ট্রাকটি আটক করে তল্লাশি চালিয়ে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, আট বান্ডিল কয়েল রড, দু’টি মোবাইল ফোনসহ ট্রাকটি জব্দ করা হয়। এসময় ট্রাকের চালক জয়পুরহাটের কালাই উপজেলার পূর্ব সরাইল গ্রামের আব্দুর রশিদ মণ্ডলের ছেলে রেজা মণ্ডল (২৫) ও চালকের সহকারী বগুড়ার শিবগঞ্জ উপজেলার নিমারপাড়ার মৃত মোফাজ্জল হোসেনের ছেলে মাসুদ রানা (২০) আটক করে র‌্যাব। 
 
অপরদিকে বৃহস্পতিবার ভোর রাতে সদর উপজেলার চান্দপাড়ার খড়িয়াজান ব্রিজ সংলগ্ন তিনমাথা মোড় এলাকায় র‌্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজা ও একটি মোবাইল ফোনসহ মা-ছেলেকে আটক করে। 
 
আটককৃতরা হলেন-সদর উপজেলার চান্দপাড়ার সিরাজুল ইসলামের স্ত্রী আনোয়ারা বেগম (৪২) ও তার ছেলে আপেল মাহমুদ (২৪)।
 
এসব ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার।
 
ইত্তেফাক/আরকেজি