ঢাবি নীল দলের শিক্ষকদের সভায় হাতাহাতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওয়ামী পন্থী শিক্ষকদের প্যানেল নীল দলের সাধারণ সভায় শিক্ষকদের মধ্যে হাতাহাতি হয়েছে। এ ঘটনায় কয়েকজন শিক্ষক আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় শিক্ষকরা পরস্পর বিপরীত দলের শিক্ষকদের দোষারোপ করছেন। গতকাল বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ক্যাফেটারিয়ায় এ ঘটনা ঘটে।

আহত শিক্ষকরা হলেন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও সিনেট সদস্য আ ক ম জামাল উদ্দীন, ঢাবি প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানী ও ফার্মেসী বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার। জামাল উদ্দীন সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক পন্থী। আর অধ্যাপক গোলাম রাব্বানী ও অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার বর্তমান উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান পন্থী।

সূত্র জানায়, নীল দলের আহ্বায়ক নিয়ে সাধারণ সভা ছিলো। সভায় মডারেটর ছিলেন থিওরিটিক্যাল অ্যান্ড কম্পিউটেশনাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল আজিজ। সভার পূর্বে সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেওয়া হয় নির্ধারিত বক্তৃতা দেওয়ার সময় অন্য কেউ কথা বলবে না। কারও কোনো কথা থাকলে পয়েন্ট অব অর্ডারে কথা বলবে। কিন্তু প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানী তার বক্তৃতা দেওয়ার সময়  অধ্যাপক জামাল উদ্দীন তাকে বাধাগ্রস্ত করেন।

গোলাম রাব্বানী তাকে বক্তৃতায় বাধাগ্রস্ত করতে নিষেধ করলে অধ্যাপক জামাল উদ্দীন দৌঁড়ে গিয়ে প্রক্টরকে কিল ঘুষি মারতে থাকেন। এ সময় অধ্যাপক মাসুম ও অধ্যাপক সীতেশ চন্দ্র তাকে রক্ষা করতে গেলে তারাও আঘাতপ্রাপ্ত হন। তবে অধ্যাপক জামাল উদ্দীন অভিযোগ করেছেন তিনি বক্তৃতা দেওয়াকালীন প্রক্টর গোলাম রাব্বানী গিয়ে তাকে আঘাত করেন।   

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানী বলেন, আমি তার অভিযোগ ঘৃণাভরে প্রত্যাখান করছি। তিনিই আমাকে আঘাত করেছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামানের বক্তব্য পাওয়া যায়নি।

ইত্তেফাক/নূহু