উলিপুরে বুড়িতিস্তা নদীতে বিপজ্জনক বৈদ্যুতিক খুঁটি!

ঘটতে পারে দুর্ঘটনা

উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা

ডেল্টা প্লানের আওতায় উলিপুরে বুড়িতিস্তা নদী খনন কাজ শুরু করা হয়েছে। কিন্তু শুরুতেই বিপত্তি দেখা দেয় লালমনিরহাট-কুড়িগ্রাম পল্লী বিদ্যুত্ সমিতির ৩৩ কেভি লাইন নিয়ে। বুড়িতিস্তা নদীর বলদিপাড়া এলাকায় খনন শুরু করলে বৈদ্যুতিক খুঁটির উভয় পাশের মাটি সরে যায়। এতে বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে আছে চারটি খুঁটি। ফলে যে কোনো সময় এসব খুঁটি উপড়ে পড়ে দুর্ঘটনাসহ বিদ্যুত্ বিচ্ছিন্ন হয়ে পড়বে চিলমারী উপজেলাসহ আশ-পাশের এলাকা।

লালমনিরহাট-কুড়িগ্রাম পল্লী বিদ্যুত্ সমিতির উলিপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার ইয়াকুব আলী শেখ জানান, ১৫শ টাকা সমীক্ষা ফি জমা দিতে বলা হয়েছে, না হলে খুঁটি অপসারণের নিয়ম নেই তাদের। এ পরিস্থিতিতে যেকোনো বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছে এলাকাবাসী।

উলিপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী রফিকুল ইসলাম জানান, ঠিকাদারী প্রতিষ্ঠানকে পল্লী বিদ্যুতের খুঁটির জায়গা ছেড়ে নদী খননের নির্দেশনা দেওয়া আছে। প্লানিং কমিশনের বাইরে থাকায় বেশি কিছু জানেন না বলেও জানান তিনি।

ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স তাজ মঞ্জিলের এমদাদুল হক (জেভি) বলেন, বলদিপাড়ায় চারটি পল্লী বিদ্যুতের খুঁটি নদীর মাঝখানে পড়ছে। খুঁটিগুলো খুবই ঝুঁকিতে রয়েছে যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আমরা বিষয়টি গত ৩১ মার্চ লিখিতভাবে পল্লী বিদ্যুেক জানিয়েছি।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম বলেন, এ ব্যাপারে সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।