জ্যোতিপ্রকাশ ও মোজাফফ্র পেলেন ‘এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ পুরস্কার’

‘এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার ২০১৭’ পেলেন জ্যোতিপ্রকাশ দত্ত ও মোজাফফ্র হোসেন। গতকাল বৃহস্পতিবার বাংলা একাডেমির সভাকক্ষে সাংবাদিক সম্মেলনে এ পুরস্কার ঘোষণা করেন অন্যদিন-এর সম্পাদক মাজহারুল ইসলাম। তিনি বলেন, কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্মৃতিকে ধরে রেখে দেশের কথাসাহিত্যিকদের সম্মাননা প্রদান ও নতুন কথাসাহিত্যিকদের স্বীকৃতি প্রদান করাই এ পুরস্কার প্রদানের লক্ষ্য।  তারা পুরস্কার হিসেবে পাবেন যথাক্রমে পাঁচ লাখ এবং এক লাখ টাকা। আগামী ১২ নভেম্বর হুমায়ূন আহমেদের জন্মদিনের প্রাক্কালে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এ পুরস্কার আনুষ্ঠানিক তুলে দেয়া হবে।

কথাসাহিত্যিক জ্যোতিপ্রকাশ দত্ত ষাটের দশকের গুরুত্বপূর্ণ লেখক। ষাটের দশক নিয়ে যে-কোনো বিবেচনার ক্ষেত্রেই অনিবার্যভাবে যাদের নাম উঠে আসবে, জ্যোতিপ্রকাশ দত্ত তাদের অন্যতম। অন্যতমই শুধু নয়, ব্যতিক্রমীও। সামগ্রিক কথাসাহিত্যে অবদানের জন্য এবার এ পুরস্কার পেলেন তিনি।

নবীন শাখায় ‘অতীত একটা ভিনদেশ’ গল্পগ্রন্থের জন্য এ বছর পুরস্কার পেলেন মোজাফ্ফর হোসেন। মূলত ছোটগল্প লেখেন তিনি। পাশাপাশি অনুবাদ ও সাহিত্যসমালোচনাও করেন।

ইত্তেফাক/নূহু