মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
মির্জাপুরের ভাওড়া নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষের অভাবে শিক্ষার্থীদের খোলা আকাশের নিচে পাঠদান চলছে। দীর্ঘদিন ধরে এভাবে পাঠদান চলে আসলেও নতুন ভবন নির্মাণসহ প্রয়োজনীয় কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিনে ভাওড়া নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থী, তাদের অভিভাবক এবং শিক্ষকরা অভিযোগ করেন, বিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা প্রায় ২শ এবং শিক্ষক-কর্মচারী রয়েছেন ছয়জন। বিদ্যালয়ের ফলাফল সন্তোষজনক। দীর্ঘদিন ধরে চলছে এই বিদ্যালয়ে ভবন সংকটসহ শ্রেণিকক্ষের স্বল্পতা। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইঞ্জনিয়ার মো. জুয়েল ইসলাম বলেন, বিদ্যালয়ে নেই পর্যাপ্ত আসবাবপত্র। বিদ্যালয়ে একটি পাকা ভবন নির্মাণের জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান, এমপি, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিক্ষা কর্মকর্তাসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তারা আবেদন-নিবেদন করে আসছেন। ভবন নির্মাণের জন্য তারা দিয়েছেন নানা প্রতিশ্রুতি। তিনি ব্যক্তি উদ্যোগে বিদ্যালয় মাঠের পাশে একটি টিনসেট ঘর নির্মাণ করে দিয়েছেন। তারপরও সমস্যার সমাধান হচ্ছে না। তিনি বলেন, খোলা আকাশের নিচে পাঠদান হওয়ায় কোমলমতি শিক্ষার্থীদের সমস্যা হচ্ছে।
ভাওড়া নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু হানিফ মিয়া ভবন সংকট ও শ্রেণিকক্ষ স্বল্পতার কথা স্বীকার করে বলেন, তাদের এ সমস্যা দীর্ঘদিনের। সমস্যা সমাধানের জন্য প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, স্থানীয় এমপিসহ সকলের সার্বিক সহযোগিতা চেয়েছেন তিনি। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, ভাওড়া নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণসহ সমস্যা সমাধানের জন্য উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং এমপির সঙ্গে কথা বলে দ্রুত সমাধান করা হবে।