‘ষড়যন্ত্র রুখে দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে’

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান বলেছেন, দেশে এখনও স্বাধীনতাবিরোধী গোষ্ঠী নানামুখী ষড়যন্ত্র করছে।  সব ষড়যন্ত্র রুখে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সূচিত উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।
 
‘জেল হত্যা দিবস’ উপলক্ষে আজ শুক্রবার সকালে বিএসএমএমইউ’র বি ব্লকে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অপর্ণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে উপাচার্য এসব কথা বলেন। এসময় রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল্লাহ আল হারুন এবং চিকৎসক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
 
উপাচার্য বলেন, ১৯৭১ সালে জাতীয় চার নেতা মহান মুক্তিযুদ্ধকে সফলতার দিকে নিয়ে গিয়েছিলেন। এ কারণেই মুক্তিযুদ্ধের বিরোধী চক্র ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর তাদের চক্রান্ত সম্পূর্ণরূপে বাস্তবায়ন করতে নির্মমভাবে কাপুরুষের মতো জেলের ভেতরে জাতীয় চার নেতাকে হত্যা করে। 
 
এদিকে বঙ্গবন্ধুর ম্যুরালে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)-এর বিএসএমএমইউ শাখা এবং কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের পক্ষ থেকেও পুষ্পস্তবক অপর্ণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। বাসস।
 
ইত্তেফাক/এমআই