মামলায় জেতা অর্থ দুস্থ শিশুদের দান করলেন মেসি

লিওনেল মেসি দানশীলতার বিরল এক দৃষ্টান্ত স্থাপন করলেন লিওনেল মেসি। এক মানহানির মামলায় জেতার পর ক্ষতিপূরণ হিসেবে প্রাপ্ত ৭০ হাজার ইউরো অর্থ দান করে দিয়েছেন সুবিধানবঞ্চিত শিশুদের জন্য। স্পেনের স্থানীয় সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।  
 
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘লা র‌্যাজন’-এর প্রতিবেদক আলফোনসো ইউসিয়া এর আগে এক প্রতিবেদনে অভিযোগ করেছিলেন মেসি ডোপিং করেন!  ওই প্রতিবেদন চ্যালেঞ্জ করে মানহানি মামলা করেছিলেন আর্জেন্টাইন তারকা। গত বছরের ৭ জুলাই সেই মামলার রায় মেসির পক্ষে আসে। কাতালানের একটি আদালত রায়ে বলেছিলেন, প্রতিবেদনে যে অভিযোগ মেসির বিরুদ্ধে করা হয়েছিল, তা মিথ্যা এবং অপ্রয়োজনীয় আর অসংগত।
 
সেই মানহানি মামলায় এবার ক্ষতিপূরণ বাবদ নগদ ৭০ হাজার ইউরো পেয়েছেন মেসি। আর্জেন্টাইন তারকা  রায়ের সময়ই প্রাপ্ত অর্থ দাতব্য সংস্থায় দান করার ঘোষণা দিয়েছিলেন। বৃহস্পতিবার মেসির টিম ম্যানেজমেন্ট সেই অর্থ আন্তর্জাতিক দাতব্য সংস্থা ‘ডক্টরস উইদাউট বর্ডারস’-এর তহবিলে দান করার ঘোষণা দেন। সংস্থাটি যুদ্ধবিধ্বস্ত এবং উন্নয়নশীল দেশগুলোতে রোগাক্রান্ত শিশুদের চিকিৎসায় কাজ করে থাকে।
 
মেসি অবশ্য বরাবরই দুস্থ ও সুবিধাবঞ্চিত শিশুদের প্রতি সংবেদনশীল। গত মে মাসে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার স্কুলগুলোতে ২০টি শ্রেণিকক্ষ তৈরি করেছে ‘মেসি ফাউন্ডেশন’। এ ছাড়া ইউনিসেফ ও অন্যান্য মাধ্যমে সাধ্য অনুযায়ী সব সময়ই দুস্থ শিশুদের পাশে থাকেন এই আর্জেন্টাইন তারকা।
 
ইত্তেফাক/কেআই