রাজধানীর বাড্ডা এলাকায় বাবা-মেয়ে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে শাহীন মল্লিক (২২) নামে এক যুবককে খুলনা থেকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোর ৫টার দিকে লবণচরা থানা পুলিশের সহযোগিতায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল খুলনা মহানগরীর মহম্মদনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় শাহীনের স্ত্রী মাছুমা খানমকেও (২০) আটক করা হয়।
খুলনা মহানগরীর লবণচরা থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ভোর ৫টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল লবণচরা থানা পুলিশের সহযোগিতায় নগরীর মহম্মদনগর এলাকায় শাহীনের বড় ভাই শামীমের বাসায় অভিযান চালায়। এ সময় রাজধানীর বাড্ডা এলাকায় বাবা-মেয়ে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে শাহীন মল্লিক ও তার স্ত্রী মাছুমাকে আটক করা হয়।
উল্লেখ্য, বাড্ডার ময়নারবাগ কবরস্থান রোডের একটি বাড়ি থেকে বৃহস্পতিবার ভোরে পুলিশ বাবা জামিল ও তার মেয়ে নুসরাতের লাশ উদ্ধার করে। জামিল পেশায় প্রাইভেটকার চালক ছিলেন। এ ঘটনায় পুলিশ জামিলের স্ত্রী আজরিনাকে আটক করেছে।
এর একদিন আগে বুধবার সন্ধ্যায় কাকরাইলের একটি ফ্ল্যাটে শামসুন্নাহার করিম ও তার ছেলে শাওন করিমকে গলাকেটে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ দুটি জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় রাজধানী ঢাকাসহ সারাদেশে তোলপাড় শুরু হয়েছে।
ইত্তেফাক/আরকেজি