মেহেদীর রং না মুছতেই স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং চৌধুরীপাড়ায় শুক্রবার সন্ধ্যায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এলাকাবাসীর সহায়তায় পুলিশ ঘাতক স্বামীকে আটক করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহত নববধূর নাম রাবেয়া বসরী (১৮)। তিনি উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ফরেস্ট অফিসপাড়া এলাকার আলী আকবরের মেয়ে।
তার ঘাতক স্বামীর নাম দিল মোহাম্মদ (৩০)। তিনি একই ইউনিয়নের ছোট ইনানী এলাকার মুহাম্মদ আবদুল্লাহর ছেলে ও পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন।
চৌধুরীপাড়া এলাকার বাসিন্দা আবুল হোছাইন আবু জানান, মাগরিবের নামাজের পর পরই চৌধুরীপাড়ার রাবেয়ার ফুপা নুরুল হকের বাড়ি থেকে চিৎকারের শব্দ আসতে থাকে। এটি শুনে প্রতিবেশীরা দৌঁড়ে তাদের বাড়িতে যায়। সেখানে একটি বন্ধ কক্ষ থেকে নারী কণ্ঠের চিৎকার পাওয়া গেলেও দরজা ভেতর থেকে বন্ধ থাকায় কেউ প্রবেশ করতে পারছিল না। পরে দরজা ভেঙ্গে ঢুকে দেখা যায় মেঝেতে রাবেয়ার রক্তাক্ত নিথর দেহ পড়ে আছে। তার পায়ের পাশে পড়ে রয়েছে ধারালো দা। এসময় দিল মোহাম্মদ পালিয়ে যাবার চেষ্টা করলে উপস্থিত লোকজন তাকে ধরে গাছের সাথে বেঁধে রাখে। খবর পেয়ে পুলিশ তাকে আটক করে।
উখিয়া থানার ওসি আবুল খায়ের তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পরিদর্শক মাইন উদ্দিন, এসআই মিল্টন ও আবদুর রাজ্জাক ঘটনাস্থলে যান। তারা লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করেন।
পুলিশ পরিদর্শক মাইন উদ্দিন জানান, রাবেয়ার বাম হাতের কব্জি দায়ের কোপে প্রায় বিচ্ছিন্ন। কাটা গেছে ডান হাতের একাধিক আঙ্গুলও। গালের ডান পাশে একাধিক কোপ, ডান কাঁধে গভীর কোপের আঘাতসহ শরীরের একাধিক জখমের চিহ্ন রয়েছে।
তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘাতক দিল মোহাম্মদ জানিয়েছেন তারা ভালোবেসে বিয়ে করেন। কিন্তু তার মনে হচ্ছিল বিয়ের পর রাবেয়া তাকে অবহেলা করছে। ফুফুর বাসায় বেড়াতে এসে এ অবহেলা আরো বেশি ধরা পড়ে তার চোখে। এটি মেনে নিতে না পেরে তাকে কুপিয়ে হত্যা করেছেন বলে দাবি করেন দিল।
রাবেয়ার চাচা জালিয়াপালং ইউপির ফরেস্ট অফিস এলাকার সদস্য (মেম্বার) শামশুল আলম জানান, প্রতিবেশী হিসেবে দিল মোহাম্মদ ও রাবেয়ার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরই ধারাবাহিকতায় পরে পারিবারিক ভাবে তাদের বিয়ে হয় দেড় মাস আগে। প্রথা মতো নতুন স্বামী-স্ত্রী স্বজনদের বাড়িতে দাওয়াত পান। সে হিসেবেই রাবেয়ার ফুফু মনোয়ারা বেগম তাদের বেড়াতে আনেন বুধবার। ফুফুর বাসাতেই স্ত্রীকে নির্মম ভাবে খুন করেছেন দিল মোহাম্মদ।
ইত্তেফাক/আরকেজি