পাচারের সময় বাংলাদেশি তরুণী উদ্ধার

 
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় বাংলাদেশি তরুণীকে উদ্ধার করেছে সীমান্তবাসী। শনিবার সকালে নাওডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মুসাব্বের আলী মুসা ও ইউপি সদস্য এরশাদুল হক ওই তরুণীকে তার পরিবারের কাছে তুলে দেন।
 
উদ্ধারকৃত তরুণী হলেন গাজীপুর জেলার সদর উপজেলার গাজীপুরা ইউনিয়নের বাসিন্দা।
 
সীমান্তবাসী সূত্রে জানা গেছে, গত শুক্রবার শেষ বিকালে খলিকোঠাল সীমান্তে আন্তর্জাতিক মেইন পিলার নং ৯৩৫ এর সাব পিলার ২ এসের পাশ দিয়ে ভারতে পাচারের জন্য তরুণীকে সীমান্তে নিয়ে আসে কিছু মানবপাচারকারীর সদস্য। পরে বিষয়টি সীমান্তবাসীর নজরে আসলে ওই তরুণীকে উদ্ধার করে। এ সময় পাচারকারীর সদস্যরা সটকে পড়ে। খবর পেয়ে ইউপি সদস্য এরশাদুল হক ঘটনাস্থলে গিয়ে তরুনীকে তার বাড়িতে নিয়ে আসেন। পরে রাতেই তরুণীর পরিবার ও চেয়ারম্যানকে জানানো হয়। শনিবার সকাল সাড়ে নয়টার দিকে উদ্ধারকৃত তরুনীকে তার বড়ভাই বিল্লাল হোসাইনের হাতে হস্তান্তর করা হয়েছে বলে নাওডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মুসাব্বের আলী মুুসা বিষয়টি  নিশ্চিত করেন।