সংস্কৃতি চর্চা রুখে দিতে পারে জঙ্গিবাদকে: সংস্কৃতিমন্ত্রী

 
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, সংস্কৃতি চর্চা রুখে দিতে পারে জঙ্গিবাদকে। এজন্য লেখাপড়ার পাশাপাশি শিশুদের সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। শনিবার ধরিত্রী বাংলাদেশ উত্তরবঙ্গ সাংস্কৃতিক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জেলার পাঁচবিবি উপজেলা স্টেডিয়ামে শুরু হয়েছে ৩দিন ব্যাপী এ উৎসব। উত্তরাঞ্চলের ১৬ জেলার সংস্কৃতি অনুরাগীদের নিয়ে প্রথম বারের মতো আয়োজন করা হয়েছে এই সাংস্কৃতিক উৎসব।
 
বিশেষ অতিথির বক্তব্যে ঢাবির সাবেক ভিসি অধ্যাপক ড. আআমস আরেফিন সিদ্দিক  বলেন, সংস্কৃতি মানুষকে উদার করে, পৃথিবীর অন্যান্য স্থানে গাড়ি চালিয়ে মানুষ হত্যা করা হচ্ছে যা কখনও কোন সভ্য মানুষের কাজ হতে পারে না। যারা ধর্মের নামে মানুষ হত্যা করে নারী নির্যাতন ও ধর্ষণ করে তাদেরকে মানুষ বলা যায় না। সোনার বাংলায় সোনার মানুষ দরকার উল্লেখ করে তিনি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য সংস্কৃতিকে ছড়িয়ে দেয়ার আহ্বান জানান।  
 
জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য অ্যাড. সামছুল আলম দুদুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যাপক ড. অজয় রায়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের কিউরেটর এনআই খান, ধরিত্রী বাংলাদেশের সম্পাদক অধ্যাপক ড. হারুন-অর-রশিদ, মোমিন আহমেদ চৌধুরী জিপি, সাংস্কৃতিক উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক ও মুক্তিযুদ্ধের গবেষক আমিনুল হক বাবুল, সদস্য সচিব ও পাঁচবিবি পৌরসভার মেয়র হাবিবুর রহমান হাবিব প্রমুখ। 
 
ইত্তেফাক/আরকেজি